কখনো আয়েশী জীবনের কারণে আবার কখনোবা ব্যস্ততার কারণে আমাদের অনেকেরই রোদের সাথে সম্পর্কে আড়ি পড়ে। কেউ হয়তো বাড়ি থেকে বেরিয়ে কোনো না কোনো যানবাহন বা কমসে কম রিকশায় চড়ে বসছেন। আবার কেউ হয়তো দিনের আলোতে দু’দণ্ড বাইরে বেরোবার ফুরসতই পাচ্ছেন না। তবে সম্প্রতি একদল গবেষক দাবি করেছেন, এই দলের মানুষেরা যদি প্রতিদিন কিছুটা সময় হলেও রোদের আলোটুকু গায়ে লাগতে দেন তাহলে উচ্চ রক্তচাপ অনেকটাই কমবে। সেই সাথে কমবে হূদরোগ ও স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকিও। এ ছাড়া যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা আরও জানিয়েছেন যে, অনেকের মতে রোদে থাকার কারণে ত্বকের ক্যান্সার হওয়ার যে আশঙ্কা রয়েছে তার চেয়ে রোদের এইসব ইতিবাচক উপকারিতাই বরং বেশি। তারা জানান, শরীর বা ত্বকে মাত্র ২০ মিনিটের জন্য রোদ লাগলে রক্তের ধমনী থেকে ক্ষতিকর রাসায়নিক নাইট্রিক অক্সাইড অপসারিত হয়ে যায়। তা ছাড়া রোদ থেকে আমাদের শরীর যে প্রয়োজনীয় ভিটামিন ডি পায় সেটা তো জানা কথাই। এদিকে আলোচিত এই গবেষণার অংশ হিসেবে বিভিন্ন মানুষের তথ্য ও জীবনাচরণ পর্যবেক্ষণের পাশাপাশি গবেষণাগারের পরিবেশে ২৪ জন স্বেচ্ছাসেবীর উপরও পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষার জন্য এদেরকে দুই ধাপে লাইটের নিচে রাখা হয়। প্রথম ধাপে স্বেচ্ছাসেবীদের শরীরে আলো ও তাপ দুটোই লাগতে দেওয়া হয়। আর দ্বিতীয় ধাপে এদের শরীরে আলো লাগতে দিলেও তাপ থেকে রক্ষা করা হয়। এভাবে দু’দফা পর্যবেক্ষণের পর দেখা যায় যে, যখন শরীরে আলো ও তাপ দুটোই লেগেছে তখনকার রক্তচাপ শুধু আলোর নিচে থাকা অবস্থায় রক্তচাপের চেয়ে অনেক বেশি স্থির এবং এতে রক্তচাপের ওঠানামা বা হেরফের হবার ঘটনাও কম। যদিও গবেষক দলের প্রধান রিচার্ড ওয়েলার জানিয়েছেন, শুধুমাত্র তাপ নয়, বরং সূর্যরশ্মি সরাসরি লাগলেই সেটি রক্তচাপ কমাতে ভূমিকা রাখে।
