সম্প্রতি গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে শিল্পী নাজিয়া আন্দালীব প্রিমার ‘প্রিমা ডোন্না’ শীর্ষক দশদিনব্যাপী একক চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে তার আঁকা প্রায় ৪৮টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর গওহর রিজভী। চিত্রশিল্পী নাজিয়া আন্দালীব প্রিমার জন্ম ১৯৭৪ সালের ১৯ নভেম্বর। বর্তমানে তিনি ‘বাংলাদেশ আর্ট ফোরাম’-এর ভিস্যুয়াল আর্টিস্ট এবং বাংলাদেশ ব্রান্ড ফোরামের অ্যাডভাইজার ও ক্রিয়েটিভ এডিটর হিসেবে কাজ করছেন। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রী লাভ করেন। পেশাগতভাবে তিনি প্রায় ১৪ বছর ধরে চিত্রকলার সাথে জড়িত। এ পর্যন্ত দেশ ও বিদেশে তাঁর প্রায় ১৪টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনী, কর্মশালা ও আর্টিস্ট রেসিডেন্সিতে অংশগ্রহণ করেছেন। প্রিমা ২০০৬ সালে বুয়েট প্রদত্ত ‘ওয়েব আর্ট এন্ড ডিজাইন অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’, ২০০৭ সালে বাংলাদেশ চারুশিল্প পরিষদের ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ পুরস্কার এবং ২০০৯ সালে জাতীয় মহিলা পরিষদ প্রদত্ত চারুকলা মাধ্যমে সম্মানসূচক পুরস্কারসহ আরও অনেক পুরস্কার লাভ করেন। তার মতে একমাত্র পারিবারিক ইতিবাচক সহায়তা ছাড়া শুধুমাত্র নিজের ইচ্ছায়, বাংলাদেশের মেয়েরা এটাকে পেশা হিসেবে নিলেও তাদের পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়। একটা দেশের শিল্প-সাহিত্য চর্চার পুরোটাই নির্ভর করে সে দেশের অর্থনীতির উপর। কিন্তু আমাদের দেশের জিডিপির হার এতটাই সীমিত যে এদেশের শিল্পচর্চা অনেকটা কঠিন যুদ্ধের নামান্তর। শিল্পের মাধ্যমে একজন শিল্পী একটা জাতির প্রাণের সুখ-দুঃখ, আনন্দ-গাঁথা তুলে ধরে, যা হাজার বছর ধরে সে জাতির ইতিহাসের সাক্ষ্য বহন করে। শিল্পী প্রিমার ছবি মূলত তেলরং, মিক্স ড্রইংসহ একাধিক পদ্ধতিতে আঁকা, যা তার শিল্পকর্মকে পৃথক সত্ত্বা দান করেছে। তার শিল্পী জীবনের একটি চমত্কার অভিজ্ঞতা হচ্ছে, প্যারিসের একটি হোটেলে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি প্রায় তিনদিন আটকা পড়েছিলেন, ঐ মুহূর্তে তার সঙ্গে ছিল কিছু আর্ট পেপার আর ভ্যানিটি ব্যাগে কিছু কসমেটিকস (আইলাইনার, লিপস্টিক, নেইলপলিস) যা দিয়ে তিনি ‘সিরিজ ক্যাসল ইন দ্য স্কাই’ নামে একাধিক চিত্র আঁকেন। তার চিত্রকর্মে মূলত সমগ্র মানব জাতিকে অশুভ ক্যাপিটালিজম বা ক্ষমতা নামক দানবের কাছে নত শিকার না করতে, নারীদের স্বাধীন সত্ত্বা বিকাশে আহ্বানসহ নানান বিষয় তুলে ধরা হয়েছে।
