সমাবর্তন— ২০১২

জ্যাকি জোইনার কার্সি

আপডেট : ১২ মে ২০১৩, ২০:০৩
জ্যাকি জোইনার কার্সি বিখ্যাত মার্কিন এ্যাথলেট। তাকে গত শতাব্দীর সেরা নারী এ্যাথলেট বলা হয়ে থাকে। তিনি বর্তমানে মার্কিন এ্যাথলেটদেরকে নিয়ে কাজ করছেন। ২০১২ সালে অ্যাশফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রিত হন আজ এখানে এতো গুণি মানুষের সামনে সমাবর্তন বক্তৃতা দিতে এসে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আজকের দিনটি উপস্থিত ৯০০০ গ্রাজুয়েটের। তোমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার ভিত্তি গড়ে দিয়েছে তোমাদের শিক্ষা। আমার কথা বলতে গেলে অলিম্পিক মেডেলগুলো আমার সারাজীবনের সেরা অর্জন এবং চলার পাথেয়। ভাবতে অবাক লাগে আমার মা তখন তরুণী ছিলেন আর তিনি মাধ্যমিক পাস করতে পারেননি। কিন্তু তিনি আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। পড়াশুনার প্রতি উত্সাহ প্রদান করেছেন। আমার সংকল্প, আমার প্যাশনকে গুরুত্ব দিতে উত্সাহ যুগিয়েছিলেন। তিনি গ্রাজুয়েশন শেষ করতে পারেননি। পারেননি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করতে। কিন্তু আমার সবকিছু ঠিক রেখে পড়াশুনার প্রতিও উত্সাহ দিয়েছিলেন। তাই যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে আমার সব থেকে স্মরণীয় মুহূর্ত সম্পর্কে; আমি গ্রাজুয়েশন শেষ করার সময়টার কথা বলি। খুব অল্প বয়সে আমি মানুষের অভাব-দুঃখ-কষ্ট দেখেছি। এসবের মাঝে এগিয়ে গিয়েছি সামনের দিকে। আর আমি মূল্যবোধের শিক্ষা পেয়েছি আমার মায়ের কাছে, যা কখনো হারাবে না। আমি আমার পরিবেশ এবং চারপাশ থেকে শিক্ষা নিতে চেয়েছি। তোমরা আজ যারা এখান থেকে গ্রাজুয়েশন শেষ করে বের হয়ে যাবে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। তোমরা তোমাদের সমগ্র শিক্ষা জীবনে অনেক কষ্ট করে যা অর্জন করেছো তা ধরে রাখো, মূল্যবোধকে হারাতে দিও না। তোমাদের বাবা-মা এবং পরিবারের মানুষদের খুশি রাখো। আমাদের এই পৃথিবীতে এখনো অনেক সমস্যা আছে, আমাদের চারপাশেই আছে। এগুলো সমাধান করা আমাদেরই দায়িত্ব। তোমাদের জন্য আমার একটি পরামর্শ— সমস্যা তৈরি করো না, সমাধান করো। তোমাদের সেই সাহস, মেধা এবং শক্তি আছে। ইতোমধ্যে তার প্রমাণ তোমরা রেখেছ। সারা দেশের বিস্তৃত ভৌগোলিক পরিবেশ এবং অবস্থান থেকে এখানে এসে আজ তোমরা গ্রাজুয়েশন শেষ করলে। তোমাদের সামর্থ্য আছে। সেই অনুযায়ী কাজ করো। নিজেদের অর্জিত জ্ঞান-সম্পদ যাতে ধরে রাখতে পারো সেজন্য সব সময় সচেষ্ট থাকো। পড়াশুনার জন্য তোমরা অনেক কিছু ত্যাগ করেছো, করতে হয়েছে। অনেকের হয়তো অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু এখন তোমাদের সময় এসেছে। আজ যে সনদটা গ্রহণ করবে সেটা দেখিয়ে সব কিছুর জবাব দেয়ার সময় হয়েছে এখন। সারারাত জেগে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর তোমরা নিজেরা তোমাদের সন্তানদের কাছেই উদাহরণ হিসেবে দাঁড়াতে পারবে। বিশ্ববিদ্যালয় তোমাদেরকে নেতৃত্বের গুণাবলী শিখিয়েছে। আগামী দিনগুলোতে তোমরাই আমাদের নেতা। তোমরা এগিয়ে এসো তোমাদের মেধা আর উচ্চকণ্ঠ নিয়ে। পুরো আমেরিকায় ছড়িয়ে আছে তোমাদের বাসস্থান। তোমরাই আজ এখানে আমেরিকার প্রতিনিধিত্বশীল অংশ। তোমাদের প্রত্যেকের নিজের একটি গল্প আছে, তোমরা প্রত্যেকে জানো তোমাদের সংগ্রামগুলো। নিজের এগিয়ে চলার গল্প, সংগ্রামের গল্প, তোমাদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দাও। কারণ, এটাই তুমি। তোমার নিজের গুরুত্ব তুমি বোঝ। কর্মজীবনে হয়তো তুমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারো, কিংবা তোমার নিজেরই প্রতিষ্ঠান হতে পারে। কিন্তু সব সময় একটা কথা মনে রেখ— নিজের অবমূল্যায়ন করো না কখনো, করতে দিও না কাউকে। এমন যদি হয় যে তুমি নারী বলে তোমাকে অবমূল্যায়ন করা হচ্ছে কোথাও, প্রতিবাদ করো। কারণ তোমার নিজের স্কীল আছে। তোমার কাজই আসল কথা। পরিশেষে আর একটি কথা বলতে চাই, তোমরা যদি পৃথিবীকে তোমাদের সেরাটা দাও তাহলে পৃথিবী তোমাদেরকে তার সেরাটা দেবে।