ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি সপ্তাহের শেয়ারবাজার। সূচক বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে বাজার পতনের ধারা থেকে বের হতে পারছে না। একদিন সূচক বাড়লে কমছে কয়েকদিন ধরে। তারল্য ও আস্থার সঙ্কটের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও এজন্য দায়ী। তবে আসন্ন বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ নেয়া হতে পারে এমন ধারণার কারণে বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। তাছাড়া কয়েকদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতাও আপাতত বন্ধ রয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকা। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল রবিবার শেয়ারবাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৫৫ ভাগ বেড়েছে। ৪৮ কার্যদিবস পর লেনদেনের গণ্ডি আড়াইশ’ কোটি টাকা পার হয়েছে। দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল সাধারণ বীমা খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশ। আর নন ব্যাংক আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক অস্থিরতা কিছুটা থেমে যাওয়ার পাশাপাশি কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন শেয়ারের দাম বৃদ্ধিতে অবদান রেখেছে।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৭৪ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।
