প্রকল্প অনুমোদন বিলম্বে বাস্তবায়নে নেতিবাচক প্রভাব

আপডেট : ১২ মে ২০১৩, ২০:০৬
প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রীর ক্ষমতা ২৫ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার প্রস্তাব করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো। তিনি বলেন, এডিপি প্রণয়ন অনুমোদন প্রক্রিয়ায় দেরি হলে তা প্রকল্প বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া এতে ভবিষ্যত্ বরাদ্দ বাধাগ্রস্ত হয়। প্রকল্প পরিচালকদের ঘনঘন বদলীর বিষয়টিও প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করে বলে তিনি উল্লেখ করেন। গতকাল শেরেবাংলা নগরের মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, বীর উত্তম-এর সাথে সাক্ষাত্কালে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এ কথা বলেন। এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. স্টেফান একেলান্ড সাক্ষাত্কালে উপস্থিত ছিলেন। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন বিশেষ করে ডিপিপি প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া আরো গতিশীল ও সহজীকরণ করা হচ্ছে। এ বিষয়ে আমরা আগের চেয়ে অনেক এগিয়েছি এবং আমাদের বেশ উন্নতি হচ্ছে। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকাণ্ড বেশ আগেভাগেই শুরু করার জন্য সংশ্লিষ্টদের ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে। তবে জমি অধিগ্রহণ ও মালামাল সংগ্রহ ও মালামালের মূল্যের হেরফেরের কারণে অনেক সময় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়। প্রকল্পের পরকল্পনা প্রণয়নে দেড় থেকে দুই মাসের বেশি সময় লাগা ঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ডিপিপি-তে ভুল-ভ্রান্তির সংখ্যা পূর্বের চেয়ে বহুলাংশে কমেছে। প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এডিবি’র পক্ষ থেকে যে কোন ধরনের ইতিবাচক প্রস্তাব ও পরামর্শ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।