গত শনিবার তালেবানের হুমকির মুখে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন নিরাপত্তার ব্যাপারে জনগণকে আশ্বস্ত করে দেশটির সেনাবাহিনী। তবু সহিংসতায় ২৯ জন নিহত হয় এদিন। দেশটির ৬৬ বছরের ইতিহাসে এই প্রথমবার একটি গণতান্ত্রিক সরকার তার মেয়াদ পূর্ণ করে নির্বাচনের মধ্য দিয়ে অপর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছাড়তে যাচ্ছে। এই নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিপুল হারে ভোট কেন্দ্রে গিয়ে পাকিস্তানের জনগণ আসলে সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থানের জানান দিয়েছেন।
সাধারণ নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এগিয়ে আছে। বেসরকারিভাবে ফল প্রকাশের আগেই এ নির্বাচনে নওয়াজ শরীফ তার বিজয় ঘোষণা করেছেন। পাশাপাশি অন্যান্য দলকে তার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার করাচির ৭টি আসন বাদে ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টার মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন থাকায় দেশজুড়ে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ায় নির্বাচন কমিশন। করাচির ৭টি আসনে স্থানীয় সময় রাত ৮ পর্যন্ত ভোট গ্রহণ চলে।
পাকিস্তানি তালেবান ভোট বর্জনের ডাক দিয়ে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেয়ার পর দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ভোটের আগে দেশটিতে নির্বাচনী সহিংসতায় একশ’ জনের বেশি মানুষ নিহত হয়। সহিংসতা এড়াতে ভোটগ্রহণ শুরুর আগে আফগানিস্তান ও ইরান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। তিন দিন ওই দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হবে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তালেবানের হুমকির কারণে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ধর্মনিরপেক্ষ দলগুলো নির্বাচনের আগে ঠিকমত প্রচার প্রচারণা চালাতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে এবং পিপিপির চেয়ারম্যান বিলওয়াল তালেবানের হুমকির কারণে নির্বাচনের আগ দিয়ে দেশত্যাগে বাধ্য হন এবং সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে প্রচারণা চালানোকালে অপহূত হন।
জাতির উদ্দেশে নওয়াজ শরীফ: শনিবার রাতে লাহোরের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিপুলসংখ্যক সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় নওয়াজ বলেন, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি পিএমএল-এনকে আবারও পাকিস্তানকে ও আপনাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি নিজে লাহোর ও সারগোদার দুটি আসনে জয়ী হয়েছেন। এসময় ৩য়বারের মতো বিজয় পাওয়া নওয়াজ শরীফের সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয় দাবি করে উদযাপনে মেতেছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। অন্য দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমি সকল দলকে একই টেবিলে বসার জন্য অনুরোধ জানাই। যাতে করে দেশের সমস্যা সমাধান করা যায়।
প্রধানমন্ত্রী হিসাবে নওয়াজ শরীফ এর আগে দু’বার দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯০ সালে এবং দ্বিতীয়বার ১৯৯৭ সালে। কিন্তু কোনোবারই তিনি পুরো মেয়াদ পার করতে পারেননি। প্রথমবার মেয়াদ ফুরানোর আগেই তত্কালীন প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান সরকার ভেঙে দেন। আর দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার পর ১৯৯৯ সালে তত্কালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজকে ক্ষমতাচ্যুত করেন।
এবারের নির্বাচনের আগে নওয়াজ শরীফ বলেছিলেন, নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইসলামাবাদের সম্পৃক্ততার ইতি টানবেন। কেননা এ ধরনের পদক্ষেপ পাকিস্তান তথা বিশ্বের শান্তির জন্য জরুরি। বিবিসির সঙ্গে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। এছাড়া তিনি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন। নওয়াজ শরীফ বলেন, ৯/১১-এর হামলার পর থেকেই পাকিস্তান এ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে আসছে। তাই আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এখানে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস-বিরোধী যুদ্ধে আমাদের ভূমিকার অবসান ঘটানো হবে।
সিএনএন ও আইবিএনকে দেয়া সাক্ষাত্কারে নওয়াজ শরীফ বলেছিলেন, নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের সময় এখনই। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হলে ভারতের বিরুদ্ধে কোনো রকম জঙ্গি হামলার জন্য পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেব না। অন্তত সে নিশ্চয়তা আমি প্রদান করতে পারি।
নির্বাচন থেকে দূরে মোশাররফের দল: দেশের ১৪তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্ব্বিতাকারী মূল দলগুলো হলো পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), মুত্তাহিদ মজলিস-ই-আলাম (এমএমএ) ও জামায়াতে ইসলামী। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দল ১১ মে-এর নির্বাচন বয়কট করে। তার অল পাকিস্তান মুসলিম লীগ দল দেশের নির্বাচন কমিশনের ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। এর আগে আদালত ২০০৭ সালে সংবিধান রদ করে জরুরি অবস্থা জারির অভিযোগে মোশাররফের নির্বাচনে অংশ নেয়ার ওপর আজীবনের নিষেধাজ্ঞা জারি করে। একাধিক আদালত তার নির্বাচনে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নির্বাচনে অংশ নেয়ার জন্য মোশাররফ গত মার্চে দেশে ফিরে আসেন। ২০০৮ সালে তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে স্বেচ্ছা নির্বাসনে যান। দেশে ফেরার পর বেনজির ভুট্টো হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অল পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, মোশাররফের ওপর নিষেধাজ্ঞা তাদের বাধ্য করেছে নির্বাচন বয়কট করতে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংশয় থেকেই তার দল নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। দলের ১৭০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের প্রতি কর্তৃপক্ষের বিরূপ আচরণ নিয়ে সেনাবাহিনী নাখোশ এমন ইঙ্গিতই পাওয়া গিয়েছিল দেশটির প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির কথায়। নির্বাচনে অংশ নিতে ৪ বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে গত ২৪ মার্চ দেশে ফেরেন মোশাররফ। এরপর থেকেই নানা আইনি ঝামেলার মুখে আছেন তিনি। মোশাররফের বিরুদ্ধে আদালতে নানা রকম মামলা থাকায় তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়েছে।
কারচুপির অভিযোগ: নির্বাচন চলাকালে বোমা হামলাসহ বিভিন্নস্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে জালিয়াতি আর কারচুপির অভিযোগ তুলেছে। বিভিন্ন স্থানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচন কমিশন সচিব ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন কমিশন সফলতার সঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন করেছে। সারা দেশে ভোটগ্রহণের হারও ‘সন্তোষজনক’। তবে বাণিজ্যিক রাজধানী করাচিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে কমিশন। সেখানে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কার্যালয়ে বোমা হামলায় ১১ জনসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে, যেখানে সারা দেশে সহিংসতায় নিহত হয়েছে ২৯ জন। ভোট জালিয়াতির অভিযোগ এনে সেখানে নির্বাচন বর্জন করেছে জামায়াতে ইসলামী। অন্য দলগুলোও সেখানে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে।
