যুক্তরাষ্ট্রে অপহরণের একযুগ পর উদ্ধার!

আপডেট : ১২ মে ২০১৩, ২০:৪৩
আমেরিকার অপরাধ জগতের সামপ্রতিক ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাণ্ডটি জানা গেলো গত সোমবার। ওয়াইওর ক্লিভল্যাণ্ড নগরীর একটি বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হলো প্রায় একযুগ ধরে নিখোঁজ তিন মহিলাকে। তাদের সাথে এক শিশুকেও উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে আটক রেখে অপহূতদের উপর চালানো বর্বর পাশবিক নির্যাতনের মর্মন্তুদ কাহিনী। আর এসব অপরাধের নায়ক ঐ বাড়ি মালিক সাবেক স্কুলবাস ড্রাইভার ৫২ বছর বয়সী অ্যারিয়েল ক্যাস্ট্রো। ক্লিভল্যাণ্ডের রহস্যপূর্ণ ঐ ভূতুড়ে বাড়ি থেকে উদ্ধার করা হয় অ্যামান্ডা বেরি, জর্জিনা ডিজিসাস ও মিশেল নাইটকে। তবে যখন তারা হারিয়ে যান, সে সময় তাদের প্রত্যেকেরই বয়স ছিলো বিশ বছরের নিচে। আমেরিকার জাতীয় দৈনিকে তাদের উধাও হয়ে যাবার খবর ফলাও করে প্রচার করা হয়। এরপর বছরের পর বছর ধরে তাদের খোঁজা হচ্ছিল। সবার আগে ২০০২ সালে ক্লিভল্যাণ্ড থেকে আকস্মিকভাবে উধাও হয়ে যান মিশেল নাইট। সে সময় তার বয়স ছিলো মাত্র আঠারো কি ঊনিশ। তবে মিশেলের নিখোঁজ হবার খবর স্থানীয় গণমাধ্যমগুলোর মনোযোগ আকৃষ্ট করতে ব্যর্থ হয়। ক্লিভল্যাণ্ড পুলিশের ওয়েবসাইটে নিখোঁজদের তালিকায় ওঠেনি তার নাম। এর কারণ, মিশেলের পরিবার ধারণা করেছিল তিনি হয়তো নিজেই অন্য কারো হাত ধরে পালিয়ে গেছেন। সংবাদ মাধ্যমে তার দাদী বারবারা নাইট জানান, ছেলেকে দূরে সরিয়ে দেয়ার কারণে ঐ সময় মিশেলের সাথে পরিবারের মনোমালিন্য ও মান-অভিমান চলছিল। সবশেষ বেশ কয়েক বছর আগে একটি শপিং প্লাজার সামনে এক বয়স্ক ব্যক্তির সাথে বারবারা তাকে দেখেছেন বলেও দাবি করেন। মিশেলের নাম ধরেও তিনি চিত্কার করেন। এ সময় ঐ ব্যক্তি মিশেলের হাত ধরে অনেকটা টেনে-হিঁচড়েই তাকে নিয়ে চলে যান। মিশেল পেছনে ফিরে তাকাননি বলে জানান বারবারা। তিনি আরো জানান, নাতনির খোঁজে এরপর তিনি বিভিন্ন স্থানে ব্যক্তিগত উদ্যোগে পোস্টারিংও করেছেন। মিশেলকে কেউ অপহরণ করেছে, এমন কোন প্রমাণ না থাকায় পুলিশও একপর্যায়ে তার অনুসন্ধান কাজ বন্ধ করে দেয়। তবে যে মার্কেটের সামনে সবশেষ তাকে দেখা গিয়েছিল, তার আশপাশ এলাকায় খোঁজাখুঁজি বন্ধ করেননি বারবারা। মিশেলের পর ২০০৩ সালে একই নগরী থেকে হঠাত্ উধাও হয়ে যান ১৭ বছর বয়সী অ্যামান্ডা বেরি। ২১ এপ্রিল রাতে ক্লিভল্যাণ্ডের ফাস্ট ফুডের দোকান ‘বার্গার কিং’ থেকে রওনা দিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। সবশেষ ঐদিন অ্যামান্ডা বাসায় ফোন করে জানিয়েছিলেন একজনের লিফ্ট পেয়েছেন তিনি। মাত্র কয়েকটি সিগনাল পার হলেই তিনি পৌঁছে যাবেন। মা লওয়ানা মিলারের জন্য অ্যামান্ডার নিখোঁজ হবার খবর সহ্য করা ছিলো বেশ কঠিন। পুলিশ ও এফবিআইয়ের অনুসন্ধানের পরও তিনি ব্যক্তিগত উদ্যোগে মেয়েকে মরিয়া হয়ে তন্ন-তন্ন করে খুঁজে বেড়িয়েছে বিভিন্ন স্থানে। একপর্যায়ে মেয়ের শোকে হার্ট অ্যাটাকে মারা যান লওয়ানা। এর ঠিক একবছরের মাথায় ২০০৪ সালের ২ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে অদৃশ্য হয়ে যায় ১৪ বছর বয়সী কিশোরী জর্জিনা ডিজিসাস। পরিবারের সবাই তাকে আদর করে ডাকতো ‘জিনা’ বলে। ঐদিন এক বন্ধুর সাথেই বাসায় ফিরছিল জিনা। আসার পথে পে-টেলিফোন থেকে মায়ের কাছে ফোন করে বন্ধুকে বাসায় আনার অনুমতি চায় সে। তবে মায়ের পরিষ্কার ‘না’ জবাব শুনে দুই বন্ধু আলাদা হয়। এরপর আর কেউ জিনার খোঁজ পায়নি। বাবা-মা ও ভাই-বোনদের সাথে চমত্কার সম্পর্ক ছিলো তার। এ কারণে সবার বিশ্বাস ছিলো জিনা পালিয়ে যায়নি। বরং সে অপহূত হয়ে থাকতে পারে। অ্যামান্ডা বেরি ও জর্জিনা ডিজিসাসের উধাও হয়ে যাবার মধ্যে কোন একটি যোগসূত্র আছে বলে এফবিআই গোয়েন্দাদের ধারণা। এরই সূত্র ধরে দশ বছর ধরে চলে কয়েকশ’ তদন্ত ও অনুসন্ধান অভিযান। ডিজিসাসের মরদেহের সন্ধানে প্রশিক্ষিত কুকুর দিয়ে একাধিক স্থানে মাটি খোঁড়া হয়। ২০০৬ সালে দুই ব্যক্তিকে আটকও করা হয়। তবে কোন তথ্য না পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ২০১২ সালে ডিজিসাস ও অ্যামান্ডার অনুসন্ধানে ভুল তথ্য দিয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত করার দায়ে এক ব্যক্তিকে সাড়ে চার বছর কারাদণ্ড দেয়া হয়। তিনি এখনো জেল-হাজতে। এরপরও খুঁজে পাওয়া যায়নি কাউকে। তদন্ত কর্মকর্তারা জানান, অ্যারিয়েল ক্যাস্ট্রোর বাড়ির বেইজমেন্টে ছিলো তার নির্যাতন কক্ষ। গত প্রায় একযুগ ধরে সেখানেই আটকে রাখা হয় অ্যামান্ডা বেরি, জর্জিনা ডিজিসাস ও মিশেল নাইটকে। শিকল দিয়ে বেঁধে আর টেপ দিয়ে মুখ আটকে তাদের উপর চালানো হতো শারীরিক নির্যাতন। ঐ বাড়ি থেকে জোসেলিন নামের ছয় বছরের যে শিশুকে উদ্ধার করা হয়, তার বাবা নির্যাতনকারী অ্যারিয়েল ক্যাস্ট্রো নিজেই। ধর্ষণ নির্যাতনের একপর্যায়ে অ্যামান্ডা বেরির গর্ভে ঐ শিশু জন্ম নেয়। ক্যাস্ট্রোর ছেলে অ্যান্থনির কাছ থেকেও জবানবন্দি রেকর্ড করেন গোয়েন্দারা। অ্যান্থনি জানান, দু’সপ্তাহ আগেও ঐ বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু ঘুর্ণাক্ষরেও টের পাননি বাড়ির বেইজমেন্টে কী হচ্ছে। অ্যান্থনি জানান, তার বাবা ক্যাস্ট্রো প্রচণ্ড হিংস্র মেজাজের এবং প্রায়ই তার মাকে মারধর করতো। এ কারণে ১৯৯৬ সালে তার মা তাকে নিয়ে অন্যত্র চলে যান। তবে বেইজমেন্ট ও গ্যারেজ কক্ষে যাওয়া পরিবারের সদস্যদের জন্য মানা ছিলো। গত সোমবার ক্লিভল্যান্ডের সেমোর অ্যাভেন্যুয়ের ঐ বাসা থেকে প্রাতঃভ্রমণে বের হন ক্যাস্ট্রো। যাবার আগে বেইজমেন্টের প্রধান দরজা বন্ধ করতে ভুলে যান তিনি। তা সত্ত্বেও দরজা দিয়ে পালাতে সাহস করেননি বন্দি নারীরা। তাদের ধারণা ছিলো ক্যাস্ট্রো হয়তো দরজা খোলা রেখে তাদের পরীক্ষা করছে। এ কারণে তারা প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। নারী কণ্ঠের আর্তনাদ শুনে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করা হয় তিন নারীকে। এর পরপরই জানা যায়, তারাই প্রায় একযুগ আগে অপহূত অ্যামান্ডা বেরি, জর্জিনা ডিজিসাস ও মিশেল নাইট। পরে মিশেল ছাড়া বাকি দু’জনের নিজেদের পরিবারের সাথে পুনর্মিলনী ঘটে। যুক্তরাষ্ট্রের বুকে এমন বীভত্সতম অপরাধের বিচার কেমন হবে? এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কাউন্টির প্রসিকিউটর টিম ম্যাক গিন্টি জানিয়েছেন, অ্যারিয়েল ক্যাস্ট্রোর বিরুদ্ধে হত্যার দায়ে অভিযুক্ত করা যেতে পারে। কারণ ঐ অন্ধকার কুঠুরিতেই মিশেল নাইটকে অন্তত তিনবার গর্ভপাত ঘটিয়েছেন ঐ অপহরণকারী। আর এ অভিযোগে প্রমাণের অভাব হবে না বলে মনে করেন ঐ প্রসিকিউটর। প্রমাণিত হলে ক্যাস্ট্রোকে দেয়া হতে পারে মৃত্যুদণ্ড। এছাড়াও তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের একাধিক অভিযোগ আনা হতে পারে।