সিরিয়ার গোলযোগপূর্ণ অন্যতম শহর আলেপ্পোতে কয়েক ডজন বিদ্রোহী যোদ্ধা তার নির্দেশনায় লড়াই করছেন। জাতিতে তিনি কুর্দি। তবে যোদ্ধাদের সঙ্গে তার শারীরিক গঠনের ঠিক মিল পাওয়া যায় না। কারণ, তিনি যে কুর্দি নারী। নাম এঙ্গিজেক (২৮)। এঙ্গিজেক এবং মমতাজের মতো অনেক কুর্দি নারী একটি ব্রিগেড গঠন করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। একটি দেয়ালে কয়েকজন ছাত্রের প্রতিবাদী শ্লোগান লেখাকে কেন্দ্র করে ছোট্ট একটি আন্দোলন আজ রূপ নিয়েছে গোষ্ঠীগত গৃহযুদ্ধে। আর শিগগিরই এ যুদ্ধের সমাপ্তি না ঘটলে এর শিকড় পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে কিনা সেই বিষয়ে এখন চলছে নানা আলোচনা। কতদিনে এ যুদ্ধ শেষ হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছে আন্তর্জাতিক মহল।
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সিরিয়ায় চলছে শিয়াপন্থী এবং সুন্নিপন্থী মুসলমানদের যুদ্ধ। পর্যবেক্ষকরা মনে করছেন, সিরিয়ার এই গৃহযুদ্ধে কেবল তার প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন, তুরস্ককেই খেসারত দিতে হচ্ছে না। এই যুদ্ধকে কেন্দ্র করে ইরান এবং ইসরাইল একে অপরকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ জারজেসের মতে, যেহেতু দেশটিতে শিয়া-সুন্নি সংঘর্ষ চলছে সেহেতু এটা সুন্নি শাসিত সৌদি আরব এবং শিয়া শাসিত ইরানের মধ্যে যুদ্ধের দামামা বাজিয়ে দিতে কিংবা বিরোধ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কোনো ধরনের যৌক্তিক সমাধানে পৌঁছাতে না পারলে এটা আঞ্চলিক যুদ্ধও সৃষ্টি করতে পারে। ফলে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান, সৌদি আরব, ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমা বিশ্ব তো আছেই। আর এই যুদ্ধ ঠেকাতে সামরিকের চেয়ে রাজনৈতিক সমাধান জরুরি বলেও মনে করেন অধ্যাপক জার্জেস।
শিয়াপন্থী আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে সুন্নিপন্থী মুসলমানরা। ইরানের শিয়াপন্থী সরকার সমর্থন দিচ্ছে আসাদ সরকারকে। অথচ ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যাপক চাপে রয়েছে। ইরাকে বর্তমানে শিয়াপন্থী সরকার বিদ্যমান। দেশটির সরকার প্রকাশ্যে সিরিয়াকে সমর্থন না দিলেও সরকার ভয় পাচ্ছে সুন্নিদের আন্দোলনকে। সাদ্দাম সরকারের পতনের পর থেকেই সুন্নিরা চাপে আছে এবং বিভিন্ন সময় বোমা হামলা চালাচ্ছে। সুন্নিরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারে সে জন্য সম্প্রতি সুন্নিপন্থী আন্তর্জাতিক চ্যানেল আল-জাজিরাসহ ১০ টি চ্যানেল বন্ধ করে দেয় সরকার। লেবাননের হিজবুল্লাহ আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র। দীর্ঘদিন ধরেই আসাদ সরকার হিজবুল্লাহকে অস্ত্র এবং আর্থিক সহায়তা দিয়ে আসছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে। ইরান সরকারও হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। হিজবুল্লাহর এমন পরিকল্পনাও আছে যে তারা বৈরুত (লেবাননের রাজধানী) হারিয়ে ইসরাইলের তেলআবিব দখল করবে। সিরিয়া যুদ্ধে জড়িয়ে হিজবুল্লাহ একটি তকমা হয়তো ঘোচাতে পেরেছে যে তারা আন্ডারডগ (যে সব সময় যুদ্ধে হেরে যায় বা নিপীড়িত) নয়। হিজবুল্লাহ গোলান মালভূমিতে ইসরাইল বিরোধী একটি ফ্রন্ট গঠনের চিন্তা করছে। হিজবুল্লাহকে এক সময় যারা ইসরাইল বিরোধী বলে সমর্থন করতো তারা সমর্থন প্রত্যাহার করছে। কারণ হিজবুল্লাহ মুসলমানদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চলা যুদ্ধে জড়িয়ে পড়ছে।
কয়েকদিন আগে সিরিয়ায় হিজবুল্লাহর উদ্দেশে অস্ত্র বোঝাইকৃত একটি জাহাজে বিমান হামলা চালায় ইসরাইল। চলতি মাসে ইসরাইল সিরিয়ায় তিনবার বিমান হামলা চালায়। তবে ইসরাইল সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিরিয়া ও ইরান সরকার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এরপর এধরনের হামলা চালালে বরদাশত করা হবে না যা ইসরাইলের জন্য খুবই ক্ষতিকর হবে। ফিলিস্তিনের হামাস এখনো আসাদ সরকার থেকে দূরত্ব বজায় রাখছে। তুরস্ক এবং জর্ডান আসাদ সরকারের বিরুদ্ধে। দেশ দুটিতে সিরিয়ার শরণার্থী সংখ্যা দিন দিন বাড়ছে। জর্ডান সরকার জানিয়েছে, বর্তমানে তাদের জনসংখ্যার ১০ শতাংশই সিরীয় শরণার্থী। এ বছরের শেষ দিকে এই সংখ্যা ২৫ শতাংশে এবং আগামী বছরের মাঝামাঝি তা ৪০ শতাংশে পৌঁছাবে। তুরস্কে আছে প্রায় তিন লাখ শরণার্থী। এছাড়া মিসর, ইরাক, আলজেরিয়া ও আর্মেনিয়ায়ও শরণার্থী বাড়ছে। জাতিসংঘের হিসাব মতে, ২০১১ সালের মার্চ থেকে আসাদ বিরোধী আন্দোলনের পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। ১৫ লাখ লোক সিরিয়া থেকে পালিয়েছে। চল্লিশ লাখের বেশি লোক অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হয়েছে।
সিরিয়া পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকমহলে উদ্বেগ দিন দিন বাড়ছে। সিরিয়ার বিদ্রোহীরা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সাহায্য কামনা করছে। আর এক্ষেত্রে এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র এখন বিরোধীদের এক রকম সরাসরি সহযোগিতা করছেই বলে মনে হয়। ব্রিটেনও আসাদ সরকারের বিরুদ্ধে। সিরিয়ায় আসাদ বিরোধী ব্রিটেনভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গঠন করা হয়েছে অনেক আগেই। আর বিপরীতে আছে রাশিয়া ও ইরান। রাশিয়া সিরিয়ায় বাইরের দেশের কোনো ধরনের হস্তক্ষেপ চায় না। রাশিয়ার বিরুদ্ধে আসাদ সরকারকে অস্ত্র দিয়ে সহায়তা করার অভিযোগ আছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চাপ দেবে বলে এক সমঝোতায় পৌঁছেছে। জেনেভা চুক্তি বাস্তবায়নে চলতি মাসের শেষ নাগাদ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের চিন্তা চলছে। তবে শনিবার এ সম্মেলন নিয়ে হতাশা ব্যক্ত করেছে রাশিয়া। কারণ সিরিয়ায় বিরোধীদের পক্ষে সম্মেলনে কে নেতৃত্ব দেবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সমপ্রতি জানান, বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহের বিকল্প বিষয়টি ভাবা হচ্ছে। সিরিয়ায় সরকার ও বিরোধীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে সাবেক যুগোস্লোভিয়া বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি ডেল পোন্টের নেতৃত্বে গঠিত জাতিসংঘ তদন্তকারীরা বলছেন, এই অভিযোগের সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরব লীগের দূত এবং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় জেনেভা চুক্তি সই করা হয়। ছয় দফার ওই চুক্তিকে সিরিয়ার সংকট সমাধানের ‘রোডম্যাপ’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এটা হলে সিরিয়ার রক্তপাত, হানাহানি ও হত্যাকাণ্ড বন্ধ হতে পারে।
সিরিয়ার চলমান লড়াইয়ে হস্তক্ষেপ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ সৃষ্টি করেছেন রিপাবলিকান সিনেটররা। সেনা না পাঠিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমানঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে তারা বলেছেন। তবে শিগগিরই সামরিক অভিযান চালানোর পক্ষে নন ওবামা। সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে মিত্র দেশগুলোর অংশগ্রহণ চান তিনি। বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ায় অভিযান চালানোর জন্য ভালো বিকল্প যুক্তরাষ্ট্রের হাতে নেই। সাগরে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ অভিযানের একটি বিকল্প হতে পারে। অন্যটি হতে পারে, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিরাপত্তার স্বার্থে দেশটিতে মার্কিন সেনা পাঠানো। কিন্তু ইরাক ও আফগানযুদ্ধের পর সিরিয়ায় সামরিক অভিযানে জড়িয়ে পড়ার ক্ষেত্রে খুবই সতর্ক ওয়াশিংটন। আর রাশিয়ার অবস্থানের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। কারণ ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে রাশিয়ার নৌ স্থাপনা রয়েছে। তবে একটা বিকল্প পথ গ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র। আর তা হলো জর্ডান ও তুরস্কের সহায়তা নেয়া।
