দুর্বল ইয়েন:জাপানের জন্য সুসংবাদ না দুঃসংবাদ

আপডেট : ১২ মে ২০১৩, ২০:৪৪
জাপানী মুদ্রা ইয়েনের জন্য সুসংবাদ বা দুঃসংবাদ? জাপানের দিকে থেকে চিন্তা করলে এটি অবশ্যই দুঃসংবাদ। নিজেদের এ মুদ্রাটির মান দিন দিন কমছে। আবার অন্য দেশের কথা চিন্তা করলে (যারা জাপান থেকে আমদানি করেন) এটি অবশ্যই সুসংবাদ। কারণ এখন ইয়েন কিনতে তাদেরকে আগের চেয়ে কম মার্কিন ডলার দিতে হচ্ছে। গত কয়েক মাস ধরে ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় মূল্য বেড়েই চলেছিলো। দাম বাড়তে বাড়তে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছে ইয়েন। ২০০৯ সালের এপ্রিল মাসে প্রতি মার্কিন ডলারে একশ’ ইয়েন পাওয়া যেতো। এরপর দাম কমতে থাকলেও চলতি মাসে আবার তা একশ’ ইয়েনে উঠে এসেছে। আর গত নভেম্বর থেকে ডলারের বিপরীতে ইয়েনের দাম কমেছে ২৫ শতাংশ। অর্থনীতিতে গতি আনতে জাপান সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতেই ইয়েনের মূল্যমান কমছে। এর সুবাতাস বইছে জাপানী শেয়ারবাজারেও। গত শুক্রবার নিক্কেই স্টক এক্সচেঞ্জের শেয়ারের দাম গড়ে তিন শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, জাপান সরকার দেশের অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনতে যে ব্যবস্থা নিয়েছেন তার সুবাতাস ইয়েনের ওপর দিয়ে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি দুই শতাংশ ধরেছেন। সমপ্রতি সেখানে জিনিসপত্রের দাম কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক চিন্তার মধ্যে পড়ে যায়। উত্পাদকরা ব্যাপক লোকসান দিতে থাকার বিষয়টি জাপান সরকারকে ভাবিয়ে তুলছিলো। এছাড়া চলতি বছরের শুরুতে জাপানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে দ্বিগুণ মুদ্রা সরবরাহের ঘোষনা দেয়। সুদের হার কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি বন্ড কেনারও ঘোষণা দেয়া হয়। এতে করে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে বাজারে ব্যাপক চাহিদা তৈরি করে। চূড়ান্ত পর্যায়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় উত্পাদকরাও খুশি হয়। তবে, গত দু’মাসে ইয়েনের দাম ব্যাপক হারে কমে যায়। এদিকে ইয়েনের মূল্যমান কমতে থাকায় জাপানের উত্পাদকরা খুশি। তারা এখন অনেক কম দামে জিনিসপত্র রপ্তানি করতে পারছেন। আবার রপ্তানির অর্থ বিদেশি মুদ্রায় এনে তা ইয়েনে রূপান্তর করে ভালোই লাভবান হচ্ছেন। এর ফল পাওয়া যায় জাপানী প্রতিষ্ঠান টয়োটা এবং সনির ক্ষেত্রে। গত দু’মাসে তাদের মুনাফা অনেক বেড়েছে। ইয়েনের দাম এ হারে চলতে থাকলে চলতি অর্থবছরে তাদের মুনাফা আরো বাড়বে বলে তারা মনে করছেন। তবে এর উল্টো দিকও আছে। রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকরা সুবিধা পেলেও দেশে কাঁচামাল কিনতে তাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুতের দাম বাড়তে থাকায় অনেকের উত্পাদন খরচও বাড়ছে। এটার ফল সবাইকে ভোগ করতে হবে। তবে জাপান সরকার বাজারে অর্থের যোগান বাড়িয়ে দেয়ায় দীর্ঘমেয়াদে ফল বিপরীত হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের মতে, জাপানে যে কোন বিনিয়োগকারী নামমাত্র সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে পারেন। কিন্তু সারাবিশ্বের বিনিয়োগকারীরা যখন স্বল্পসুদে ইয়েন কিনে তা আবার অন্য মুদ্রায় রূপান্তর করে বাইরে বিনিয়োগ করবেন তখন বাধবে বিপত্তি। কারণ অন্য দেশে সুদের হার অনেক বেশি। জাপানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব বিনিয়োগকারীর হাতে জাপানী অর্থনীতির ভবিষ্যত্ নির্ভর না করলেও দীর্ঘমেয়াদে ইয়েন দুর্বল রাখার জন্য এটি কাজ করবে। এক্ষত্রে অন্য একটি ফ্যাক্টরও কাজ করছে। সুনামিতে জাপানের নিউক্লিয়ার প্লান্ট বন্ধ হয়ে যাবার পর দেশটির সরকার সেখানকার অন্যান্য নিউক্লিয়ার প্লান্ট বন্ধ করে দিয়েছে। এরফলে জ্বালানি-নির্ভর বিদ্যুত্ কেন্দ্রের জ্বালানি তেল আমদানির হার বাড়ছে। একজন বিশ্লেষক বলেন, জাপানী ইয়েনের দাম যত কমবে তাতে করে জ্বালানি আমদানিতে জাপান সরকারের ডলার খরচ বেশি হবে। এর চাপ পড়বে সব ভোক্তার ওপর। এছাড়া ইয়েনের মূল্য ক্রমাগত পড়তে থাকলে বিনিয়োগকারীরা ভয় পেয়ে যাবেন। তারা তাদের বিনিয়োগ তুলে নেবেন এবং অন্য দেশে বিনিয়োগ করবেন। এর ফলে ইয়েনের ওপর আরো চাপ বাড়বে।