মালয়েশিয়ার ৫৬ বছরের জোট সরকার আবার ক্ষমতায়

জয়লাভেও উদ্বিগ্ন নাজিব রাজাক

আপডেট : ১২ মে ২০১৩, ২০:৪৫
সব বিজয় আনন্দের নয়। কোনো কোনো বিজয়ে খুশিতে গদ-গদ হওয়া যায় না; উল্টো মনের ভেতরে কাজ করে উদ্বেগ-উত্কণ্ঠা। এ সত্যগুলোই অনুভূত হয়েছে আবার। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশনের জয় টানা ত্রয়োদশবারের মতো— এ খবরটা মিডিয়ার সামনে ঘটা করে জানানোর সময় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পরনে উজ্জ্বল নীল শার্ট ছিলো ঠিকই; তবে অভিব্যক্তি ছিলো মলিন। দ্বিতীয় পাঁচ বছর মেয়াদের শপথ নিতে এসে অট্টহাসি দিলেও অবাক হওয়ার কিছুই থাকতো না; কিন্তু তাঁর মুখে মুচকি হাসিই খুঁজে পাওয়া যায়নি। আসলে এটিই স্বাভাবিক। গত ৫ এপ্রিলের নির্বাচনে জাতিগত বিভাজন ছাড়াও ধনী ও গরিবের পছন্দের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। গ্রামীণ দরিদ্র লোকজনের ভোটেই মূলত ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশনের উতরে যাওয়া। অন্যদিকে শহুরে মধ্যবিত্ত শ্রেণী চেয়েছিলো পরিবর্তন। ধারণা করা হচ্ছে, জাতিগত ও সামাজিক বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এশিয়ার তৃতীয় বৃহত্ অর্থনীতি। প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশনের ৫৬ বছরের শাসনে এবারের নির্বাচনেই সবচে’ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, নির্বাচনে ভালোই করেছে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশন; জয়ী হয়েছে ২২২টি আসনের মধ্যে ১৩৩টিতে। কিন্তু সার্বিক বিচার-বিশ্লেষণের পর এ ধারণা পুরোপুরি পাল্টে যেতে বাধ্য। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, ২০০৮ সালের নির্বাচনের চেয়ে আসন কমেছে ২টি। দ্বিতীয়ত, আসন বেশি জিতলেও পপুলার ভোটে হার হয়েছে ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশনের। তাদের ৫.২২ মিলিয়ন ভোটের বিপরীতে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধী পিপলস এলায়েন্স ৮৯টি আসন জিতলেও মোট ভোট পেয়েছে ৫.৪৯ মিলিয়ন। এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার একটি নিউজ ওয়েবসাইট। অনিয়মের কথাও উঠেছে। বাংলাদেশি অভিবাসীরা অবৈধভাবে ভোট দিয়েছে ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশনের পক্ষে— এমন অভিযোগও কেউ কেউ করেছেন। কিন্তু নাজিব রাজাক এটিকে স্রেফ কুত্সা বলে উড়িয়ে দিয়েছেন। একটি পত্রিকা রিপোর্ট প্রকাশ করেছে, মধ্যবিত্ত শ্রেণী ক্ষমতাসীনদের খুব বেশি ভোট না দেয়ার কারণ হলো— এই শ্রেণীটি সরকারের ব্যর্থতা ও দুর্নীতি সম্পর্কে ওয়াকিবহাল এবং সরব। মালয়দের মতো গোড়াও নয় তারা। সঠিক তথ্য জানতে নির্ভর করে স্বাধীন নিউজ ওয়েবসাইট ও ব্লগের ওপর। চাইলেই তাদেরকে অন্ধকারে রাখা যায় না। মালয়েশিয়ার সর্ববৃহত্ শহর রাজধানী কুয়ালালামপুরের ১১টি আসনের ৯টিই জিতে নিয়েছে আনোয়ার ইব্রাহিমের বিরোধী জোট। বাকি দু’টিতে হেরেছে সামান্য ব্যবধানে। জাতিভিত্তিক রাজনীতি করেই ৫৬ বছর ধরে ক্ষমতায় রয়েছে ন্যাশনাল ফ্রন্ট এ্যালায়েন্স। এই কোয়ালিশনে নেতৃত্ব দেয় ইউনাইটেড মালায়াস ন্যাশনাল অর্গানাইজেশন। এটি বস্তুত মালয় মুসলিমদের দল। অন্যান্য এথনিক গ্রুপ সমর্থিত আরো দু’টি দল রয়েছে তাদের জোটে। তবে অন্যান্য জাতিগোষ্ঠীর ভোট যে তারা একেবারেই পায় না এমন নয়। ১৯৫৭ সালের পর থেকে এই জোট বেশিরভাগ নির্বাচনেই পেয়েছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনের পরের দিন মালয়েশিয়ার স্টক প্রাইস রেকর্ড পরিমাণ ৮ শতাংশ বেড়ে যায়; রিংগিতের মূল্য দাঁড়ায় গত বিশ মাসের মধ্যে সর্বোচ্চ। কিন্তু বিশ্লেষকরা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছেন। ২০০৮ সালের নির্বাচনের পরের বছর আব্দুল্লাহ আহমাদ বাদাবি পদত্যাগ করাতেই প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন নাজিব রাজাক। এবারও ওরকম কিছু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। কারণ, ২০১৩ সালের নির্বাচনে একটা বিষয় প্রমাণিত, অধিকাংশ লোকেরই আস্থা নেই এ সরকারের প্রতি। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রিজেট ওয়েলশের মতে, মালয়েশিয়ার সরকার প্রমাণ করেছে ভোট ক্রয় ও চুরি করেও ক্ষমতায় টিকে থাকা যায়। প্রধানমন্ত্রী নাজিব রাজাক খুব ভালোভাবেই বুঝে গেছেন, সবকিছু সঠিকভাবে সামাল দিতে না পারলে সামনের দিনগুলো তার জন্য খুব সুখকর নয়। তাই তো জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। নির্বাচনে তার জোটের প্রত্যাশিত ফলাফল না আসায় দোষ দিয়েছেন ‘চায়নিজ সুনামি’কে।