পূর্ণ হতে পারে মানুষের অমরত্বের প্রত্যাশা

আপডেট : ১২ মে ২০১৩, ২০:৪৫
মানুষ অমরত্ব চায়। ধর্মের আশ্রয়ে পরকালে সেই অমরত্ব প্রাপ্তির ‘সম্ভাবনা’ থাকলে মানুষ চায় তা ঘটুক ইহকালেই। বিজ্ঞানীদের নিরন্তর চেষ্টায় সম্প্রতি বেশ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মানুষের অমরত্বের স্বপ্ন পূরণে। মাত্র কিছুদিন আগে অমরত্বের নতুন দাওয়াই দিয়েছেন রাশিয়ার এক ধনাঢ্য ব্যক্তি। তিনি একটা মোক্ষম পরিকল্পনা নিয়েছেন, যার সাহায্যে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে ‘সাইবর্গ’র আদলে। সাইবর্গ, মানে টার্মিনেটর সিনেমার সেই যন্ত্রআশ্রিত মানব। এমন যন্ত্রআশ্রিত মানুষই তৈরি করার পরিকল্পনা করেছেন রাশিয়ার ৩২ বছরের ধনকুবের দিমিত্রি ইতস্কভ। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসেই ‘২০৪৫ ইনিশিয়েটিভ’ নামে প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এ প্রকল্পের জন্য ইতিমধ্যে ৩০ জন বিখ্যাত রাশিয়ার বিজ্ঞানীকে নিয়োগও দিয়েছেন দিমিত্রি। দিমিত্রির ইতস্কভের এ গবেষণা কেন্দ্রে ৩০ জন বিজ্ঞানী মিলে অমরত্ব নিয়ে কাজ করবেন। ৩০ বছরের এ পরিকল্পনায় মানুষের নতুন একটি ভার্চুয়াল প্রজাতি তৈরি করা হবে, যা অনেকটাই ‘অবতার’ চলচ্চিত্রে দেখানো ভার্চুয়াল মানুষ বা রোবটের মত কাজ করবে। দিমিত্রি জানিয়েছেন, গবেষকরা এমন একটি প্রযুক্তি তৈরিতে কাজ করবেন, যা মানুষের জ্ঞান বা মস্তিষ্ককে হলোগ্রাম বা রোবটের মধ্যে প্রতিস্থাপন করতে সক্ষম হবে। দিমিত্র মনে করেন, স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্ব অটুট রেখে মানুষের মস্তিষ্ক মেশিনে প্রতিস্থাপিত করা সম্ভব। এ পরিকল্পনা বাস্তবায়নে সময়সীমাও ঠিক করে রেখেছেন দিমিত্র। কয়েকটি ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ভাগ করা হয়েছে। এর প্রথম পর্যায় অবতার-এ। এই পর্যায়ে ব্রেইন-মেশিন ইন্টারফেস (বিএমআই)-এর মাধ্যমে রোবট-মানুষের একটি প্রতিকৃতি পরিচালন করবেন একজন মানুষ। বিএমআই কিন্তু প্রচলিত প্রযুক্তি। এই প্রযুক্তিতে বাইরে থেকে একটি যন্ত্র মস্তিষ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। ২০২০ সালের মধ্যে এই ধাপটা উতরাতে চাইছেন দিমিত্রি। পরের পর্যায় অবতার-বি। এই পর্যায়ে মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কৃত্রিম একটি শরীরে প্রতিস্থাপিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এর জন্য সময়সীমা ধার্য হয়েছে ২০২৫ সাল। তৃতীয় পর্যায়, মানুষের ব্যক্তিত্ব অক্ষুণ্ন রেখে হিউম্যান-মেশিন ব্রেইন ট্রান্সপ্ল্যান্ট। অর্থাত্ মানুষের মস্তিষ্ক এবং মেশিন একযোগে কাজ করা শুরু করবে। এই পর্যায়টির নাম রাখা হয়েছে অবতার-সি। ২০৩৫ সালের মধ্যে এই পর্যায়ের কাজ শেষ করতে চাইছেন দিমিত্রি। এটিই কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায়। মানুষ-মেশিনের মিশেলটা আদৌ কাজ করছে কি না, তা বোঝা যাবে এই পর্যায়ে। তবে এই পৌঁছানো যাবে বহু প্রতীক্ষিত শেষতম পর্যায়ে। এর মাধ্যমে মস্তিষ্ককে পুরোপুরি শরীরের বাঁধন থেকে মুক্ত করে দেয়া যাবে। দিমিত্রি আশাবাদী, ২০৪৫ সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছে যাওয়া নিশ্চয়ই সম্ভব হবে। এই প্রক্রিয়ায় মানুষের চিরকালীন আকাঙ্ক্ষা ‘অমরত্ব’ নিশ্চিত করা সম্ভব হবে বলেই মনে করছেন রাশিয়ার এই ধনকুবের। তার ওয়েবসাইটটিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি বার্ধক্য এবং মৃত্যু নিশ্চিহ্ন করা সম্ভব। জরুরিও বটে। শারীরিক এবং মানসিক ক্ষমতার সীমাবদ্ধতা, যা বর্তমান একেবারেই শারীরবৃত্তীয়, সেটাও কাটিয়ে ওঠার প্রয়োজন রয়েছে বলেই আমরা মনে করছি।’ বিজ্ঞানীরা মনে করেন, অমরত্বের অন্য আরেকটি উপায় হলো বার্ধক্য বা জরাকে পরাভূত করা। নিরন্তর গবেষণায় কোনো কোনো গবেষক দাবি করছেন— বার্ধক্য আসলে কোনো বাধ্যগত পরিণতি নয়। বার্ধক্য এক ধরনের ব্যাধি। সব ব্যাধির যেমন প্রতিষেধক থাকে, প্রতিকারের পথ থাকে, বার্ধক্যেরও নাকি তাই আছে। অর্থাত্ বার্ধক্য আরোগ্যযোগ্য! বিজ্ঞান বলে, বার্ধক্য বা জরার মূল কারণ প্রাণীর দেহের টেলোমার কণিকাগুচ্ছ। এরা থাকে প্রাণকোষের ডিএএন’র ক্রমোজমের শেষ প্রান্তে। যখনই কোনো জৈব কোষ বিভাজিত হয়, টেলোমার কণিকাগুচ্ছ ছোট হতে থাকে দৈর্ঘ্যে। যখন জৈব কোষের আর কোনো টেলোমার থাকে না তখনই শুরু হয় জরা। আর আমরা ধীরে ধীরে এগোতে থাকি মৃত্যুর দিকে। বিজ্ঞানীরা জরাগ্রস্ত ইঁদুরের ওপর টেলমোরস এনজাইম প্রয়োগ করে প্রমাণ পেয়েছেন যে ইঁদুরের জরা প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, ইঁদুরেরা তখন যৌবনের দিকে ফিরতে শুরু করে। তার মানে আরো নিবিড় গবেষণায় তা মানুষের ওপরও প্রয়োগের অবস্থা আসতে পারে কোনো একদিন। এই তো মাত্র তিন বছর আগে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন জানালো, ২০৪৫ সাালে মানুষ পৌঁছে যাবে অমরত্ব অমৃত সূত্রের কাছে। এর ব্যাখ্যায় টাইম আশ্রয় নিয়েছে পদার্থবিজ্ঞানের সিঙ্গুলারিটি তত্ত্বের ওপর। পত্রিকাটি জানিয়েছে, মানুষের হাতে আসছে নতুন নতুন টেকনোলজি। টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে ২০৪৫ সালের কাছাকাছি সময়ে মানুষ সিঙ্গুলারিটিতে পৌঁছাবে। এ শব্দটি এসেছে জ্যোতিঃপদার্থবিজ্ঞান থেকে। এর অর্থ এমন এক বিন্দু, যেখানে পদার্থবিদ্যার সাধারণ সূত্র কাজ করবে না। অমরত্ব যেভাবেই আসুক, তার স্বাদ পেতে চায় প্রায় সবাই, প্রকৃতির চোখে তা যতই অস্বাভাবিক হোক না কেন। ‘অমরত্বের প্রত্যাশা নেই/ নেই কোনো চাওয়া-পাওয়া/ এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে পাওয়া’— সুমনের জাতিস্মর গানটি মানুষ একদিন হয়তো ভিন্নভাবে গাইবে। এবং সেদিন হয়তো খুব বেশি দূরেও নয়।