ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমী রাফসানজানী আবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শনিবার ছিল প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার জন্য নিবন্ধনের শেষ সময়। সেদিন তিনি শেষ মুহূর্তে প্রার্থীর তালিকায় নাম নিবন্ধন করেন। দৃশ্যত ৭৮ বছর বয়স্ক রাফসানজানী সংস্কারপন্থিদের সমর্থন পেয়েছেন এবং প্রকৃতপক্ষে দেশটির রক্ষণশীল নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আগামী প্রেসিডেন্ট নিবাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চার শতাধিক প্রার্থী নিবন্ধন করেছেন। কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা নিয়ন্ত্রিত অভিভাবক পরিষদ প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। ২০০৯ সালে অনুষ্ঠিত বিগত প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থিরা অনিয়মের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন মধ্যপন্থি রাফসানজানী। এখন তিনি তাদের সমর্থন পাবেন বলে আশা করছেন। জনমত জরিপেও সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছে।
জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এতে প্রার্থী হতে পারবেন না বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে তার পছন্দের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য নিবন্ধন করেছেন রাফসানজানীর নিবন্ধনের কিছুক্ষণ আগে। আহমাদিনেজাদের ঘনিষ্ঠ বন্ধু কট্টর জাতীয়তাবাদী ইসফান্দইয়ারকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর প্রতি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। ইরানের পরমাণু বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী সাঈদ জালিলিও প্রার্থিতার জন্য নিবন্ধন করেছেন। তাকে আয়াতুল্লাহ আলী খামেনীর ঘনিষ্ঠ হিসেবেই দেখা হয়।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার অধা ঘণ্টা আগে রাফসানজানী নাম নিবন্ধন করেন। তার ব্যাপারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আপত্তি জানান কিনা তা দেখার জন্য তিনি শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেন। নাম নিবন্ধনের পর রাফসানজানী বলেন, আমি দায়িত্ব পালন করতে এসেছি। আমাকে নির্বাচন করা বা না করা জনগণের অধিকার।
রাফসানজানী বলেন, তার দীর্ঘদিনের সহযোদ্ধা আয়াতুল্লাহ খামেনী তাকে আর বিশ্বাস করেন না। তিনি আরো বলেন, একে অপরের অস্বস্তির কারণ হয় এমন কিছু তিনি করবেন না। কিন্তু এখন তিনি মনে করছেন, দেশে গভীর সংকট চলছে। যা তিনি দূর করতে পারবেন। তিনি ১৯৮৯-৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এখন এক্সপেডিয়েন্স কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সংসদের স্পিকার এবং বিশেষজ্ঞ পরিষদের প্রধানের দায়িত্বেও পালন করেছেন। গত চার বছর সংস্কারপন্থিদের সমর্থন দেয়ায় রক্ষণশীল তার প্রতি অসন্তুষ্ট। রাজনৈতিক দলের আরো স্বাধীনতার পক্ষে তার অবস্থান। ধীরে ধীরে তিনিই সংস্কার করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এ কারণে তাকেই রক্ষণশীলদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।
