শেষ পর্যন্ত গুজব সত্যি হলো। কয়েক দিন আগে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছিলো রেলমন্ত্রী পবন কুমার বনসাল এবং আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগ চান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এসব সংবাদে কিছু মানুষের সন্দেহ ছিলো। কিন্তু এখন সে সন্দেহের অবসান হয়েছে। ম্যাডাম সোনিয়া গান্ধীর ইচ্ছা সত্যি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা ক্ষমতা ও দায়িত্বের মধ্যে যে মৌলিক তফাত্ রয়েছে তা স্পষ্ট করেছে। এই দুই মন্ত্রীকে পদত্যাগ করানোর দায়িত্ব ছিলো প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। কিন্তু তার ক্ষমতা ছিলো না। আর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ক্ষমতা ছিলো কিন্তু দায়িত্ব ছিলো না।
গত শনিবার ফার্স্টপোস্ট পলিটিক্সে জগননাথানের একটি নিবন্ধে আরো বলা হয়, পবন কুমার বনসাল এবং অশ্বিনী কুমারকে পদত্যাগ করানোর ব্যাপারে সোনিয়া গান্ধীর সিদ্ধান্ত বলে দেয় আসল ক্ষমতা কোথায় রয়েছে এবং খেলার শেষ কোথায়। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, তার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে যে সম্পর্ক ছিলো তা ছিন্ন না করলেও সংশোধনের সময় হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার অবস্থান ও দায়িত্ব দেখানো হয়েছে।
এই দুইজনের মধ্যে একটি শক্ত বিশ্বস্ততার সম্পর্ক এতোদিন পর্যন্ত ছিলো। কিন্তু এ কথাটা আংশিক মিথ্যাও ছিলো। সোনিয়া গান্ধী সব সময় দেখাতে চেয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইচ্ছার কাছে তিনি নতি স্বীকার করছেন। এ বিষয়টি অনেকেই স্বাভাবিকভাবে দেখেছেন। মনমোহন সিং নিজেও সোনিয়া গান্ধীর মনোভাব বুঝতে পারেননি। মনমোহন সিং সব সময় সোনিয়া গান্ধীর অনুগত ছিলেন। তবে তার ভীরু আচরণ বিশ্বস্ততায় সন্দেহের তৈরি করেছে।
পবন কুমার বনসাল এবং অশ্বিনী কুমার দুইজনই মনমোহন সিংয়ের পছন্দ ছিলেন। তাদের মনোনীত করেন মনমোহন সিং নিজেই। শুক্রবার এই দুইজন পদত্যাগ করেছেন। ভাগনের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দলের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে পদত্যাগ করেন রেলমন্ত্রী বনসাল। আর কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের একটি খসড়া প্রতিবেদন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার অনুমতি দেয়া নিয়ে সুপ্রিম কোর্টের রোষানলে পড়েছিলেন আইনমন্ত্রী অশ্বিনী কুমার। এর পরই পদত্যাগের ঘোষণা দেন আইনমন্ত্রী। প্রধান বিরোধীদল বিজেপি আইনমন্ত্রী ও রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। একের পর এক দুর্নীতির ঘটনায় বিপর্যস্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এই দুই মন্ত্রীর পদত্যাগের কারণে আবারো বড় ধাক্কা খেল। এর আগে তাদের পদত্যাগের দাবিতে বিরোধীদের কঠোর অবস্থানের ফলে ভারতীয় পার্লামেন্টে অচলাবস্থার সৃষ্টি হয়। এমনকি চলতি সপ্তাহের বাজেট অধিবেশন দুইদিন কমিয়ে আনতেও বাধ্য হয়েছে ইউপিএ সরকার।
পদত্যাগী দুই মন্ত্রী মনমোহন সিংয়ের মনোনীত ছিলেন এতে সমস্যা ছিলো না। আইনমন্ত্রী তার বস প্রধানমন্ত্রীকে বাঁচাতে এটা করেছিলেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাও এর সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে সন্দেহের তীর মনমোহনের দিকেও ছিলো। মনোমহন সিংয়ের বড় ভুল হলো তিনি তার বিশ্বাসের জায়গাটায় সোনিয়া গান্ধীর মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন। এটা হয়েছে তার কিছু অসতর্ক আচরণের জন্য। তিনি মনে করতেন টুজি, কোলগেট বা কমনওয়েলথের মতো দুর্নীতির বিষয়টি না দেখার ভান করে তিনি ম্যাডামের অনুগ্রহ পাচ্ছেন। তবে বিরোধী দল অন্য রকমই চিন্তা করেছে। তারা একে প্রধানমন্ত্রীর দুর্বলতা হিসেবে দেখেছে।
বনসাল এবং অশ্বিনী কুমারকে রক্ষা করতে গিয়ে মনমোহন সিং কংগ্রেসের রাজনৈতিক অবস্থান দুর্বল করে ফেলেছেন। এবারের পার্লামেন্ট অধিবেশনে সোনিয়া গান্ধীর দল খাদ্য নিরাপত্তা বিল পাস করাতে চেয়েছিলো। এ বিলকে আগামী নির্বাচনে জয়ের টিকিট হিসেবে দেখছে কংগ্রেস। কিন্তু মন্ত্রীদের কেলেঙ্কারির কারণে বিরোধীদল এ বিষয়ে আলোচনা ও বিলটি পাস করতে দেয়নি। এ অবস্থায় সোনিয়া গান্ধী হয়তো আঁচ করতে পেরেছেন মনমোহন সিং তার স্বার্থ রক্ষায় আর ভালো কিছু করতে পারবে না। গত সপ্তাহেই পবন বনসালকে পদত্যাগ করতে বলা হয়েছিলো। কিন্তু মনমোহন নিজেই বিষয়টি দেখছিলেন। সম্ভবত তিনি মনে করেছিলেন, অপর মন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগ তার নিজের অবস্থানকে হুমকির মুখে ফেলতে পারে। সোনিয়া গান্ধীও হয়তো বুঝতে পেরেছেন মনমোহন সিং আরো ক্ষতির কারণ হতে পারেন। তাই সোনিয়া জেগে উঠেছেন। তবে যাই হোক না কেন, আগামী নির্বাচন পর্যন্ত মনমোহন থাকছেন নাকি নির্বাচনের আগেই চলে যাচ্ছেন সেটা পরের বিষয়। মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সম্পর্কের সম্ভবত পরিবর্তন অবশ্যম্ভাবী।
