বাড়ছে জনসংখ্যা, কমছে আবাদি জমির পরিমাণ। কৃষকরা চাষাবাদে আগের মতো আর লাভবান হতে পারে না। কিন্তু আবাদি জমির পরিমাণ কমলেও থেমে নেই কৃষি নিয়ে নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা। রংপুরের কাউনিয়া উপজেলায় একই জমিতে তিন রকমের সবজি চাষ করে লাভবান হয়েছেন নুরুজ্জামান।
উপজেলার টেপামধুপুর নিজদর্পা গ্রামের শাহাদত এর ছেলে সবজি চাষি নুরুজ্জামান তার ত্রিশ শতাংশ জমিতে একই সাথে আলু, করলা এবং বরবটি চাষ করে আয় করেছেন প্রায় অর্ধলক্ষ টাকা। গত বৃহস্পতিবার উপজেলার লাল মসজিদ এলাকায় গিয়ে দেখা যায় তিনি ক্ষেত থেকে করলা উঠাচ্ছেন বাজারে বিক্রি করার জন্য। তিনি জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমে তিনি জমিতে আলুর চাষ করেন, আলু একটু বড় হলে তিনি সেখানে করলার বীজ রোপণ করেন। আবার আলু যখন উত্তোলন করেন তখন সেখানে বরবটি লাগিয়ে দেন। এভাবে তিনি আলু বিক্রি করেছেন প্রায় ৩৫ হাজার টাকার, করলা বিক্রি করেছেন ১২ হাজার টাকার এবং ২৭ হাজার টাকার বরবটি বিক্রি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আর এই তিন সবজি চাষে মোট খরচ হয়েছে ১৫ হাজার টাকা।
উপ-সহকারী কৃষিকর্মকর্তা এমদাদুল হক বলেন, কৃষকরা যাতে অল্প জমিতে অধিক মুনাফা অর্জন করতে পারে এবং রোগবালাই তেমন না হওয়ায় তাকে একই জমিতে তিন রকমের সবজি চাষের পরামর্শ দেয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, সবজি চাষে কৃষকরা অধিক লাভবান হতে পারে। কারণ অন্যান্য ফসলের তুলনায় সবজি চাষে রোগ বালাই বা পরিশ্রম কম হয়। এভাবে সকলেই যদি সবজি চাষ করতে পারে তাহলে উপজেলার লোকজনকে অধিক মূল্য দিয়ে সবজি কিনতে হবে না। আর এতে করে পুষ্টির ঘাটতিও কমে যাবে অনেকাংশে।
