ঘোড়াঘাটে রেশমার বাড়িতে মানুষের ঢল

আপডেট : ১২ মে ২০১৩, ২২:০৫
সাভারে ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় রেশমা বেগমকে গত শুক্রবার বিকালে উদ্ধার করার খবরে শনিবার সকাল থেকে তার ঘোড়াঘাটের কশিগাড়ি গ্রামের বাড়িতে মানুষের ঢল নামে। আসলে অনেক গণমাধ্যম কর্মীও। এছাড়াও আসেন দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দিকা, আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি মফাজ্জল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসাসহ বিভিন্ন দলের নেতা-কর্মী। এ সময় সব শ্রেণীর মানুষ আবেগ বিহবল হয়ে পড়েন, অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। উপস্থিত হাজার হাজার মানুষ হাত তুলে মহান সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেন যেন রেশমা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। দোয়া করা হয় যারা তাকে জীবিত ও অক্ষত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন তাদের জন্য। এছাড়াও বর্তমান সরকারের দায়িত্ববোধ, মহানুভবতা ও একান্ত প্রচেষ্টার কথা স্মরণ করে দোয়া করা হয়। এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ঘোড়াঘাটের এই বীর কন্যা কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এদিকে গতকাল স্থানীয় বিশিষ্টজনরা রেশমার সত্ পিতা ও খালাকে আশ্বাস দিয়েছেন এ বীর কন্যার জন্য সবকিছু করা হবে। রেশমা বেগমের জন্ম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে। চার বছর আগে তিনি বড় বোন আসমা বেগমের সাথে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি জীবন শুরু করেন। এক সময় সাভারে ধসে যাওয়া ভবন রানা প্লাজায় গার্মেন্টসে চাকুরি করা অবস্থায় অন্য এক গার্মেন্টসে চাকরি নিয়ে যান। তারপর গত দুই মাস আগে আবার রানা প্লাজায় এক গার্মেন্টসে যোগ দেন।