কুরআন-হাদীস অনুযায়ী দেশ পরিচালনার বিকল্প নেই

আপডেট : ১২ মে ২০১৩, ২২:০৫
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়াস্থ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান দেশের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বেশ কিছু সুপারিশ ও পরামর্শ প্রদান করেছেন। প্রথমত তিনি সর্বশক্তিমান আল্লাহতায়ালার প্রতি সকলের পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন এবং কুরআন ও হাদীসের নীতিমালা অনুযায়ী দেশ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল ধর্মের এবং সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা বিধানের জন্য সরকারের কাছে সুপারিশ করেন। জৈনপুরী দরবার শরীফের মাসিক দোয়া ও জিকির মাহফিলে সভাপতির ভাষণে পীর সাহেব আরো বেশ কিছু পরামর্শ প্রদান করেন। তিনি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে একই প্লাটফরমে আসতে পরামর্শ দেন। তিনি সরকারকে ইসলাম ও রাসুল (স.)-এর প্রতি কটূক্তিকারী ব্লগারদের সর্বোচ্চ শাস্তি দান এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দেন।