বাসাইলবাসীর জন্য আতংকের দিন ১৩ মে

আপডেট : ১২ মে ২০১৩, ২২:১৫
আজ ১৩ মে টাঙ্গাইলের বাসাইল উপজেলাবাসীর জন্য স্মৃতিবিজড়িত এক আতংকের দিন। আজ থেকে ১৭ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে প্রলয়ংকরী এক টর্নেডো তছনছ করে দেয় উপজেলার মানুষের জীবন। মাত্র সাত মিনিটের টর্নেডো কেড়ে নেয় ৩৩৭ জন মানুষের জীবন। আহত হয় ১০ হাজার মানুষ। ২০ হাজার গবাদিপশুর মৃত্যু হয়। বিধ্বস্ত হয় কয়েক হাজার ঘর-বাড়ী ও গাছ-পালা। উপজেলার মিরিকপুর, হান্দুলি, কোমারজানী, রাসড়া, সৈদামপুর, পৌলী, বর্ণীকিশোরী, কলিয়া, কাউলজানী ও বাসাইল উত্তরপাড়ায় টর্নেডো আঘাত হানে। টর্নেডোতে উপজেলার সবচেয়ে বেশী ক্ষতি হয় মিরিকপুর গ্রামে। মাত্র সাত মিনিটের টর্নেডোতে শুধু এ গ্রামেই মৃত্যু হয় তিন শতাধিক মানুষের। বাতাসের প্রচন্ড ঘূর্ণীপাকে মিরিকপুর গংগা চরণ তপশীল উচ্চ বিদ্যালয়টি সমপূর্ণ বিধ্বস্ত হলে, সেখানেই অর্ধশতাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়। এসব আহতরা এখনো স্বাভাবিকভাবে চলাফেরা বা কাজকর্ম করতে পারে না। ফিরে আসতে পারেনি স্বাভাবিক জীবনে। ১৭ বছর আগের এ দিনটিকে স্মরণ করে বাসাইল সদর ও মিরিকপুর গংগা চরণ তপশীল উচ্চ বিদ্যালয়ে কাঙালী ভোজ, দোয়া মাহফিল, গীতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।