উপকূল জুড়ে উত্কণ্ঠা

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৩৮
ঘূর্ণিঝড় মহাসেন ধেয়ে আসার খবরে দেশের উপকূলীয় এলাকায় উত্কণ্ঠা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রামে সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজারে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সাগর উত্তাল হয়ে উঠেছে। তবে ঘূর্ণিঝড়টির তীব্রতা কেমন হতে পারে বা কবে কখন এটি বাংলাদেশে আঘাত হানতে পারে সে সম্পর্কে আবহাওয়া বিভাগ গতকাল পর্যন্ত কিছু জানাতে পারেনি। গত রাতে আবহাওয়া বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা (ডিএফও) জানান, সোমবার বিষয়ে তথ্য জানান সম্ভব হবে। গত রাতে আবহাওয়া বিভাগের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মহাসেন উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। গতকাল সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সমুদ্রে চলাচল না করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রামে সমন্বিত কমিটি চট্টগ্রাম অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিশেষ কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক। একই সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম আবদুল কাদেরকে এ বিশেষ কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাই জীবনরক্ষায় ও ক্ষয়ক্ষতি এড়াতে একটি কমিটি গঠন করা হয়েছে। উপকূল জুড়ে অজানা আতংক কক্সবাজার প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর এলাকায় প্রবেশের খবরে দেশের সমুদ্র উপকূলীয় এলাকা কক্সবাজারে আতংক দেখা দিয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার কক্সবাজারে তীব্র গরম অনুভূত হয়েছে। বাতাস চলাচলও একেবারেই কম। আবহাওয়া গুমোট হয়ে পড়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার থেকে কক্সবাজারের নিচু এলাকায় মাইকিং করা হবে। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ ১১৩টি জরুরি মেডিক্যাল টিম প্রস্তুত রেখেছে বলে জানান সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া। এদিকে উপকূলের দিকে ভয়ংকর ঘূর্ণিঝড় ধেয়ে আসার খবরে কক্সবাজার সমুদ্র সৈকতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লাল পতাকা পুঁতে দেয়া হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত সমুদ্র শান্ত দেখা গেছে। সমুদ্রে মাছ ধরারত ট্রলারসমূহ গভীর সাগর থেকে উপকূলের কাছাকাছি চলে এসেছে।