জামায়াতে ইসলামী আহূত গতকাল রবিবারের হরতালে দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেক স্থানে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। বহু স্থানেই ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি ছিল স্বাভাবিক। বিভাগীয় নগরী জেলা শহর ও উপজেলা পর্যায়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রামে জামায়াত নেতাকে গ্রেফতার করতে গিয়ে কর্মীদের হামলায় আহত হয়েছেন পুলিশের এসআই। খবর আমাদের বিভাগীয় অফিস, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের। অনেক স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আহত হওয়ার ঘটনাও রয়েছে কোথাও।
সিলেট অফিস:সকাল থেকে জামায়াতের হরতাল ছিল ঢিলেঢালা। সিলেটে হরতাল চলাকালে দুপুর ১২টার দিকে নগরীর সুবিদবাজার-পাঠানটুলা এলাকায় বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করে শিবিরকর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সুবিদবাজার এলাকায় একটি মিছিল বের করে শিবির। মিছিলকারীরা কয়েকটি সিএনজি ভাঙচুর করে। এছাড়া টুকেরবাজার তেমুখী এলাকায় সড়ক অবরোধ করে।
মৌলভীবাজার:ছাত্রশিবিরের কর্মীরা শহরের জুগিডর, শমসেরনগর সড়ক ও শ্রীমঙ্গল সড়কে পিকেটিং করে। শিবিরকর্মীরা মৌলভীবাজার-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া জেলার সকল উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম):সীতাকুণ্ডে সকাল-সন্ধ্যা হরতাল পালন হয়েছে। সকাল থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেশ কয়েকটি স্থানে পিকেটিং করেছে। কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ছোটকুমিরায় পিকেটারদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। সীতাকুণ্ড সদর, উপজেলা গেইট, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া. ছোটকুমিরা, ভাটিয়ারী ও ফৌজদারহাট তুলাতলীতে জামায়াত নেতাকর্মীরা পিকেটিং করেছে। হরতালের আগেরদিন রাতে পুলিশ আবুল হোসাইন নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
রাজশাহী অফিস:রাজশাহীতে হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ভোর সাড়ে ৬টায় মেডিক্যাল বন্ধ গেট এলাকায় শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এরপর সকাল সাড়ে ৭টায় নগরীর লক্ষ্মীপুর সড়কে শিবিরকর্মীরা টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে। তবে সেখানেও পুলিশি বাধায় ব্যর্থ হয়। পবার হরিয়ান ইউপি জামায়াতের নেতা আমির মোহাম্মদ আজমকে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাশকতার মামলায় আদালতে চালান করা হয়েছে। এছাড়া বড় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে নাশকতা প্রতিরোধে নগর জুড়ে পুলিশ মোতায়েন ছিল। দূরপাল্লার বাস চলেনি। তবে আন্তঃজেলা বাস, রিকশা, অটোরিকশা, হিউম্যান হলারসহ হাল্কা যানবাহন এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রবিবার ২ জামায়াত নেতাকে আটক করেছে। এরা হলেন:পবা উপজেলার পারিলা ইউপির আমির আজম আলী ও মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা ফরিদউদ্দিন।
কুড়িগ্রাম ঃ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও শহর শিবিরের সাবেক সেক্রেটারী ছোবেদার রহমানকে (৪২) গ্রেফতার করতে গিয়ে জামায়াত-শিবির কর্মীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন এসআই আবু তালেব। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটলে আহত এসআইকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ছোবেদার রহমানকে গ্রেফতার করে থানায় আনে। পুলিশের উপর হামলার অভিযোগে কুড়িগ্রাম থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি ময়নুল ইসলাম জানান, রোববারের হরতালে নাশকতার জন্য হলোখানার সুভারকুঠি গ্রামে জামায়াত নেতা ছোবেদার রহমানের বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে এসআই আবু তালেবের নেতৃত্বে ১২ সদস্যের পুলিশ দল ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির কর্মীরা তাদের উপর হামলা চালায়।
বরগুনা (উত্তর) ঃ বরগুনায় গ্রেফতারকৃত জামাতের চার নেতাকে গতকাল রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বরগুনা থানা জামাতের রোকন মাও. নূরুল আলম, নলটোনা ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি মো. সোলায়মান, জামাতের কর্মী মাও. আশ্রাব আলী ও মো. হান্নান মিয়া হিরু। গতকাল হরতাল বরগুনায় পালিত হয়নি। যানবাহন, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত যথারীতি খোলা ছিল। জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
সিংগাইর (মানিকগঞ্জ) ঃ সিংগাইর থানা পুলিশ ধল্লা এলাকায় মিটিংকরা অবস্থায় একটি মাদ্রাসা থেকে হেফাজত ইসলামের ৮ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন হেফাজত ইসলামের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সিংগাইর উপজেলার জায়গীর মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ (৪০), বাস্তা মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুর রহমান (২৬), মৌলভী আব্দুল হাকিম (৩৬), ইমাম আজিজুল হক (৫২) ওরফে নানা হুজুর, খাসেরচর মাদ্রাসার শিক্ষক হাফেজ একরামুল হক (৩৭), মোয়াজ্জেম হোসেন (৪৬), গাজিন্দা মাদ্রাসার শিক্ষক মৌলভী মাহমুদুল হোসেন (২৮) ও শিক্ষক মৌলভী আজিজুল হক (৩৫)।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ঃ নবীনগরে গতকাল হরতালে প্রশাসনসহ গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে জামাত। গোপন খবর পেয়ে পুলিশ শনিবার রাতে উপজেলা জামায়েতের আমীর মোঃ মহিউদ্দিনকে (৩৫) তার বাসভবন থেকে গ্রেফতার করে।
বাউফল ঃ নাশকতামূলক কার্যক্রম পরিকল্পনার অভিযোগে পটুয়াখালীর বাউফল পৌর জামায়াতের আমির আবদুর রশিদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে।
শিবালয় (মানিকগঞ্জ) ঃ শিবালয়ে ১ জামায়াত কর্মী এবং সিংগাইর ও মানিকগঞ্জ সদর থেকে হেফাজতে ইসলাম ও জামায়াতের মোট ১১ জন সদস্য আটক করেছে পুলিশ। হেফাজতে ইসলামের কর্মী সন্দেহে সিংগাইর থেকে ৮ জন কর্মী মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।
কক্সবাজার ঃ কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
যশোর অফিস ঃ যশোরে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শহরে রিকশাভ্যান ইজিবাইজ চলাচল ছিল স্বাভাবিক। বড় বিপণী বিতানসহ দোকানপাটও ছিল খোলা। হরতালে জামায়াত-শিবির সকালে মিছিল করেছে। হরতালবিরোধী মিছিল করেছে যশোর জেলা ছাত্রলীগ। সকালে শহরের বড় বাজারে ঝটিকা মিছিল করে ছাত্র শিবির। এর আগে সদর হাসপাতাল মোড়ে মিছিল বের করে জেলা জামায়াত। পরে হাসপাতাল মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবী। গাড়িখানা রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠন কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা করে। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সহসভাপতি মনিরুল ইসলাম তুহিন প্রমুখ। বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে শহরের মণিহার সিনেমা হল এলাকা থেকেও একটি হরতালবিরোধী মিছিল বের হয়।
বেনাপোল (যশোর) ঃ বেনাপোলে তেমন কোন প্রভাব পড়েনি। আমদানি-রপ্তানি ছিল স্বাভাবিক। তবে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। যাত্রীবাহী বাস চলাচল না করার কারণে ভারত থেকে আসা দেশ-বিদেশের পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েছে বেনাপোলের বিভিন্ন পরিবহন কাউন্টারে। বেনাপোল বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত মালামাল লোড আনলোড হলেও কোন পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যায়নি।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) ঃ হরতালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও ১৫-২০টি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার, হায়দারপুল, ফালগুনকরা, বাতিসা, চিওড়া ও পদুয়া এলাকায় জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ হরতালের সমর্থনে কালীগঞ্জ শহরের বাকুলিয়া নামক হাইওয়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় শিবিরের ক্যাডাররা দুটি ট্রাক ভাংচুর করে। অনেকটা ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।
পিরোজপুর অফিস ঃ জেলার জিয়ানগরে একটি বাস ভাংচুর করা হয়েছে। হরতাল সমর্থকদের হামলায় হেলপার এবং চালক আহত হন। তবে শহরে হারতালের প্রভাব পড়েনি।
তালা (সাতক্ষীরা) ঃ শনিবার সন্ধ্যার পর তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি বলফিল্ড মোড় হতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ধরে মজুমদার তেল পাম্পের আগেই শেষ হয়ে যায়। পুলিশ স্থানীয় জামায়াত নেতা চৌগাছা গ্রামের আব্দুল গফ্ফারকে মিছিলে থাকার অভিযোগে আটক করেছে।
সাতক্ষীরা ঃ সকালে শহরের প্রধান প্রধান সড়কে হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা। তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা মোড়, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া মোড়, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকালের মোড় এবং সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্র মোড়ে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করে। এদিকে শহরের অদূরে বাঁকাল ও আলীপুর এলাকা থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা ১৪ দলের উদ্যোগে দুপুরে সাতক্ষীরায় হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
