লাশের সংখ্যা বেড়ে ১১২৭

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪০
সাভারে ভবন ধসের ঘটনায় গতকাল রবিবার পর্যন্ত লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৭ জনে। উদ্ধার অভিযানের ১৯ তম দিনে সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আরো চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ ও জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছে ২৪৩৮ জনকে। মৃহদেহ উদ্ধার করা হয়েছে ১১১৪ জনের। আর হাসপাতালে মারা গেছেন ১২ জন। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৮৩২ টি মরদেহ। হস্তান্তরের অপেক্ষায় স্থানীয় অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে রয়েছে ৪টি এবং মর্গে রয়েছে ৫৭ টি মরদেহ। এছাড়া জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে নাম-পরিচয়হীন ২৩৪ টি মরদেহ। এদিকে, ঘটনাস্থল রানা প্লাজার সামনেসহ আশেপাশের হাসপাতালগুলোতে ভীড় করছে নিখোঁজদের স্বজনরা। জীবিত পাওয়ার আশা ছেড়ে এখন শুধু লাশটি পাওয়ার জন্যই অপেক্ষার প্রহর গুণছেন তারা। প্রিয় মানুষটির জন্য তারা ক্লান্তিহীন সময় পার করছেন । লাশ উদ্ধারের খবর পেলেই সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন অপেক্ষারত স্বজনরা। তবে যেসব স্বজন প্রিয়জনের জীবিত উদ্ধার হওয়ার আশা ছেড়ে দিয়েছেন, লাশের জন্য অপেক্ষার প্রহর গুণছিলেন, তাঁদের অনেকেই রেশমাকে জীবিত উদ্ধারের পর আবার আশায় বুক বেঁধেছেন। নিখোঁজ স্বজনের খোঁজে রানা প্লাজার আশপাশে জড়ো হয়েছেন তারা। তবে আর জীবিত মানুষ উদ্ধার নাও হতে পারে মন্তব্য করেছেন কয়েকজন উদ্ধারকর্মী। সরেজমিনে গতকাল দুপুরে দেখা গেছে, ধ্বংসস্তূপ সরানো এবং মৃহদেহ উদ্ধারের জন্য সেনাবাহিনীর এই উদ্ধার কাজে ব্যবহূত হচ্ছে দুটি হাইড্রোলিক হ্যামারসহ ছয়টি এক্সকাভেটর, তিনটি ডোজার, দুইটি লোডার। সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছেন রেডক্রিসেন্টের কর্মীরা। প্রতিটি মৃতদেহ উদ্ধার, প্যাকেট করায় তারা সহায়তা করে যাচ্ছেন। গতকাল দুপুরের দিকে রানা প্লাজার পেছনের অংশের বেসমেন্ট থেকে একটি লাশের মস্তক উদ্ধার করা হয়। তবে এই মস্তকটি কোন মৃতদেহের সেটা নিশ্চিত করতে পারেনি উদ্ধারকর্মীরা। তারা জানিয়েছেন, এর আগে দুটি মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়েছে। এর যে কোনটির মস্তক এটি। তবে কোনটির সেটা নিশ্চিত করা সম্ভব নয়। উদ্ধারকারীদের কয়েকজন বলেন, গত কয়েকদিন কোনোভাবেই অবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। কোনো লাশ পাওয়া গেলে তার হাত-পা ধরে টান দিলে শরীর থেকে তা বিচ্ছিন্ন হয়ে চলে আসছে। প্রতিটি লাশে অধিক মাত্রায় পচন ধরেছে। বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। উদ্ধারকারীরা আরো জানান, পুরুষ মৃতদেহের ক্ষেত্রে তারা মোবাইল ও মানিব্যাগের মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে নারী মৃতদেহের ক্ষেত্রে লাশের পরনে থাকা সালোয়ার কামিজ,কানের দুল,হাতের চুড়ি,ঘড়ি অথবা শার্ট দেখে তারা স্বজনের লাশ শনাক্ত করেছেন। সাভারে রানা প্লাজার ভবন ধসে নিহত এবং উদ্ধার করা কোনো মৃতদেহই আর চেনা যাচ্ছে না। অতি নিকটজন,রক্তের সম্পর্কের ভাইবোন এমনকি বাবা-মায়ের পক্ষেও নিজ সন্তানকে কিছুতেই চেনা সম্ভব হয়ে উঠছে না। ভবন ধসের ১৯ তম দিনে উদ্ধার হওয়া তিনটি লাশের কোনটিরই নিশ্চিত পরিচয় জানা যায়নি। কেউ নিশ্চিত হতে পারছেন না নির্দিষ্ট লাশটি তারই স্বজনের কি-না। গতকাল রবিবার দুপুরে সাভারের অধরচন্দ্র বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে, একই লাশের দাবিদার একাধিক ব্যক্তি। অথবা কোন লাশের কেউ দাবিদার নেই। প্রশাসন শতভাগ নিশ্চিত না হয়ে আর কোনো লাশ হস্তান্তর করছে না বলে জানিয়ে দিয়েছে। পচাগলা লাশ হস্তান্তরের ব্যাপারে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা বলেন, পচনের কারণে প্রতিটি লাশ বিকৃত হয়ে গেছে। প্রতিটি লাশের আবার একাধিক দাবিদার রয়েছেন। এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন, ডিএনএ পরীক্ষা করে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গলিত বা পচন ধরা কোনো লাশ হস্তান্তর করা হবে না। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আরো জানান, উদ্ধার কাজ শেষ হতে আরো কয়েকদিন লাগতে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। এদিকে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে আজ সোমবার বাদ জোহর আখেরী মোনাজাত ও গণভোজের আয়োজন করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধরী। তিনি সাভারের রানা প্লাজা ধসের দিন থেকে অধর চন্দ্র বিদ্যালয় মাঠে নিখোঁজদের স্বজনদের প্রতিদিন তিনবেলা খাবার সরবরাহ করছেন। মাসুদ চৌধুরী জানান, শেষ মৃতদেহটি উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি নিখোঁজদের স্বজনদের খাবার সরবরাহ করবেন। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, রানা প্লাজা ধসের দিন থেকেই সরকারের পক্ষ থেকে মৃতদেহের জন্য কফিন সরবরাহ করা হচ্ছে। শেষ পর্যন্ত কফিনসহ মৃতদেহের জন্য সরকারি বরাদ্দ থাকবে। এদিকে রেশমার চিকিত্সার ব্যাপারে কর্নেল আজিজুর রহমান বলেন, রেশমার চিকিত্সার জন্য সাতজন চিকিত্সকের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে। তবে ঐ বোর্ড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের সমন্বয়ে নয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিত্সকদের বোর্ড। ঐ বোর্ডের পরামর্শে রেশমার চিকিত্সা চলছে।