সরকারি বরাদ্দ না আসায় ৫ বছরেও চট্টগ্রামের আউটার রিং রোড প্রকল্পের কাজ শুরু হয়নি। মহানগরীর যানজট কমিয়ে আনার লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় পতেঙ্গা থেকে সমুদ্র উপকূল বরাবর সাগরিকা রোড পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক ও ফিডার রোড হওয়ার কথা।
প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ১ হাজার কোটি টাকা। তবে বিলম্বিত হওয়ায় এখন তা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ইতেমধ্যে তাদের সঙ্গে জাইকার চুক্তিও হয়ে গেছে। চুক্তি অনুযায়ী প্রকল্পটির জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে হওয়ার কথা। অন্যদিকে সড়ক ও অবকাঠামো উন্নয়নে জাইকার অর্থ ব্যয় করা হবে। আউটার রিং রোড প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জমির মৌজা ভ্যালু বৃদ্ধি পাওয়ায় এবং জিনিসপত্রের দাম বাড়ায় প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। মূলত অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় প্রকল্প ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরো জানান, প্রকল্পটির শুরুর সময় সরকারের নিকট জমি অধিগ্রহণের জন্য ৩৫০ কোটি টাকা চাওয়া হয়েছিল। এ বরাদ্দের জন্যে বহু চিঠি চালাচালির শেষে অর্থ মন্ত্রণালয় দীর্ঘ দিন পর ৩৫০ কোটির স্থলে ১৪০ কোটি বরাদ্দ করে। কিন্তু দেখা যায়, ততদিনে জমির মৌজা ভ্যালু বৃদ্ধি করা হয়। ফলে সাড়ে ৩৫০ কোটি টাকার স্থলে ২০১২ সালের মৌজা ভ্যালু অনুযায়ী জমি অধিগ্রহণের ব্যয় দাঁড়ায় ৫৭৬ কোটি টাকা। কিন্তু ওই সময় এক সাথে ৩৫০ কোটি টাকা দেয়া হলে বর্তমানের এই বিশাল অংকের টাকার জন্য বসে থাকতে হতো না। আবার সংশোধিত ডিপিপি অনুযায়ী জমি অধিগ্রহণের ৫৭৬ কোটি টাকার স্থলে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ১৯৫ কোটি টাকার বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু প্রায় একই সঙ্গে সরকার ২০১৩ সালের জমির মৌজা ভ্যালুও গত কয়েকদিন পূর্বে প্রকাশ করেছে। এতে করে অধিগ্রহণের জমির জন্য ব্যয় ৫৭৬ কোটি থেকেও অনেক বেড়ে যাবে।
তাছাড়া প্রকল্পটি ২০১৪ সালে শেষ করার কথা থাকলেও সংশোধিত ডিপিপি অনুযায়ী এটি শেষ হবে ২০১৬ সালে। এতে জাইকার বরাদ্দ করা ৮০০ কোটি টাকা দিয়ে প্রকল্পের অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণ করা সম্ভব হবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। জানা যায়, প্রকল্পটির ডিজাইনের কাজ শেষ হলেও শুধুমাত্র অধিগ্রহণের জন্য সরকারি অর্থ বরাদ্দ না পাওয়ায় ঠিকাদার নিয়োগের টেন্ডার ডাকা সম্ভব হচ্ছে না।
পতেঙ্গা সমুদ্র উপকূল বরাবর আউটার রিং রোড প্রকল্প গ্রহণ করায় গত তিন বছর ধরে পানি উন্নয়ন বোর্ড বেড়ি বাঁধের সংস্কারও বন্ধ রেখেছে। এর ফলে বর্তমান পতেঙ্গা সমুদ্র উপকূলের বেডি বাঁধের অবস্থা খুবই নাজুক। ইতিমধ্যে বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। বড় ধরনের জলোচ্ছ্বাস সৃষ্টি হলে বেড়ি বাঁধ উপচে শহরে পানি ঢুকে পড়ার আশংকা করা হচ্ছে। বেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেডসহ পতেঙ্গা শিল্প এলাকা। এদিকে আউটার রিং রোডে পূর্বে তিনটি ফিডার সড়কসহ প্রায় ২২ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা থাকলে তা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে দু’টি ফিডার রোডসহ ১৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। তাছাড়া পূর্বে চার লেন সড়ক হওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমানে দুই লেন সড়ক নির্মাণ করা হবে। তবে বাঁধটিতে ৪ লেন সড়কের স্থান থাকবে বলে জানা যায়।
আউটার রিং রোড প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী হাসান বিন শামস জানান, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করার পর ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে। তিনি বলেন, প্রকল্পটি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। দিন দিন প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে। এ নিয়ে জাইকা প্রতিনিধিরা বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেছেন।
