পাকিস্তানে সরকার গঠনে প্রস্তুতি নওয়াজ শরীফের

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪০
পাকিস্তানে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (এন)। শরীফ নিজের পক্ষে বিজয় দাবি করে দলের বৈঠক ডেকেছেন। বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি অন্যসব দলের চেয়ে অনেক আসনের ব্যবধানে এগিয়ে আছেন। এদিকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খান প্রথমে পরাজয় মেনে নিলেও পরে ভোট কারচুপির অভিযোগ এনেছেন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেয়া দল পাকিস্তান পিপলস্ পার্টি ব্যাপকভাবে পরাজিত হয়েছে। খবর ডন, রয়টার্স এবং বিবিসির। নওয়াজ শরিফ নিজে প্রতিদ্বন্দ্বিতা করা দুটি আসনে জয়লাভ করেছেন। পাকিস্তানের গণমাধ্যমে পাওয়া সংবাদে দেখা গেছে, ২৭২ আসনের জাতীয় পরিষদে ফলাফল ঘোষণা করা ২৩৪টি আসনের মধ্যে পাকিস্তান মুসলিম লিগ (এন) ১২৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৭টি আসন। এখন নওয়াজ শরীফ দলের নেতাদের নিয়ে সরকার গঠন নিয়ে সভায় বসছেন। পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) পেয়েছে ৩৩ টি আসন, পিটিআই পেয়েছে ৩০ টি, মুত্তাহিদা কাওমি মুভমেন্ট (এইকউএম) ১৫টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৫টি আসনে জয়লাভ করেছে। বাকি আসনগুলোর মধ্যে যদি নওয়াজ শরিফের মুসলিম লীগ আর ৯টি আসন পেলেই এককভাবে সরকার গঠন করতে পারবে। আর যদি ১৩৭ আসন থেকে কম পায় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও সরকার গঠন করতে পারবেন নওয়াজ শরীফ। কারণ পাকিস্তানের সংবিধান অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের তিনদিনের মধ্যে যে কোনো দলে যোগ দিতে হবে। নওয়াজ শরীফ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তার দল দেশটিতে পরিবর্তন আনতে পারবে এই বিশ্বাসে জনগণ ভোট দিয়েছে। তিনি তার ওপর পুনরায় আস্থা স্থাপনের জন্য জনগণকে ধন্যবাদ জানান। নওয়াজ শরিফের দলের বিজয়ে বিষয়টি জানার পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাকে অভিনন্দন জানিয়েছেন। মনমোহন সিং নওয়াজ শরিফকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ১৯৯০ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১৯৯৯ সালে তত্কালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ কর্তৃক এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ২০০০ সালে কর ফাঁকি ও রাষ্ট্রদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। একই বছর তিনি সৌদি আরবে নির্বাসনে যান। ২০০৭ সালে তিনি দেশে আসেন। তার রাজনীতিতে ফিরে আসা নিয়েই সংশয় ছিল। অথচ গতকালের নির্বাচনে নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লিগের বিপুল জয় লাভ বলে দিচ্ছে, নওয়াজ শরিফ ফেরার নয়।