তৈরি পোশাকের দাম কমাতে চাপ দিচ্ছেন বিদেশি ক্রেতারা

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪২
সাভারের রানা প্লাজায় ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার সুযোগ নিচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতারা। পূর্বের দেয়া অর্ডার বাতিলের আভাস দিয়ে তারা পোশাকের দাম কমাতে চাপ দিচ্ছেন। গার্মেন্টস কারখানার মালিকরা অর্ডার ধরে রাখার স্বার্থে অনেকটা বাধ্য হয়ে পণ্য সরবরাহে রাজি হচ্ছেন। বেশ কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলে জানা গেছে, ব্যাংক ঋণ, শ্রমিকদের বেতন পরিশোধসহ কারখানা চালু রাখার স্বার্থে তারা ক্রেতাদের আবদার মেনে নিচ্ছেন। তবে কারো কারো মতে, নানা অসুবিধার কারণে বাংলাদেশ থেকে এখন অর্ডার সরিয়ে না নিলেও বিশ্বব্যাপী যে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে তাতে সামনের বছর থেকে ক্রেতারা অর্ডার সরিয়ে নিতে পারে। এতে করে পোশাক শিল্প খাতে একটি চাপ তৈরি হবে। সাধারনত ক্রেতারা বছরের শুরুতে পোশাকের অর্ডার দিয়ে থাকেন; কিন্তু বিভিন্ন মৌসুমকে সামনে রেখে ক্রেতারা তিন অথবা চারবারে ক্রয় আদেশ (পারচেজ অর্ডার) দেন। একজন উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, যুক্তরাষ্ট্রের একটি ক্রেতা প্রতিষ্ঠান বছরের শুরুতে তাকে এক লাখ পিস সোয়েটারের অর্ডার দিয়েছিলেন; কিন্তু আগামী জুন মাসের শেষের দিকে যেসব সোয়েটার শিপমেন্ট (জাহাজীকরণ) হবে সেগুলোর ক্রয় আদেশ দেয়ার কথা ছিলো চলতি মাসের শুরুতে; কিন্তু সপ্তাহ পার হয়ে গেলেও ক্রয় আদেশ না দেয়ায় কারখানা মালিক ক্রেতার প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। তিনি জানান, ক্রেতার পক্ষ থেকে তখন তাকে বলা হয়েছে, বাংলাদেশের যে পরিস্থিতি তাতে টপ ম্যানেজমেন্ট অর্ডার না দেয়াই ভালো বলে মনে করছে। তারপরও আলোচনা করার কথা জানান ক্রেতা প্রতিনিধি। এরপর শুরু হয় দাম কমানোর পালা। ওই উদ্যোক্তা পরে প্রতি পিস সোয়েটারে ৫০ সেন্ট ডিসকাউন্ট দিয়ে পণ্য সরবরাহে রাজি হয়েছেন। তিনি আরো জানান, বড় বড় কারখানাগুলো আলোচনায় জোর খাটাতে পারলেও ছোট এবং মাঝারি পর্যায়ের কারখানাগুলো ক্রেতাদের এ চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এর ফলে এসব কারখানা বন্ধ হয়ে যাবার ঝুঁকিও রয়েছে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা বিজেএমইএ-এর সাবেক সহ-সভাপতি এ বি এম শামছুদ্দিন ইত্তেফাককে বলেন, কোনো ক্রেতা চাইলেই বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিতে পারবেন না। কারণ আমাদের যেসব প্রতিদ্বন্দ্বী দেশ আছে তাদের হাতেও অর্ডার আছে। তবে তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পোশাক খাত নিয়ে নেতিবাচক প্রচারণার কারণে ক্রেতারা সুযোগ নিচ্ছেন। কেউ কেউ চাপ দিয়ে পোশাকের মূল্য কমিয়ে দিচ্ছেন। কম মূল্যে কাজ না করলে অর্ডার বাতিলের সম্ভাবনার কথা বলছেন। তিনি বলেন, পোশাক খাতের ওপর যে চাপ আসছে তা সামলাতে সরকার, কারখানা মালিক এবং সুশীল সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতিবাচক প্রচারণা থেকে দূরে থাকতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ২০০৫ সালে রপ্তানিতে কোটা প্রথা উঠে যাবার আগে অনেকে মনে করেছিলেন এ খাত ধ্বংস হয়ে যাবে; কিন্তু আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করে প্রতিবছর রপ্তানি বাড়িয়ে চলেছি। তিনি সাভারের ঘটনাকে রাষ্ট্রীয় দুর্যোগ মনে করে এ থেকে উত্তরণের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। এদিকে, কেবল পোশাকের দাম কমিয়ে দেয়াই নয়, অন্য চাপও আসছে। কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান কারখানা মালিকদের কাছে সংশ্লিষ্ট ভবনের নকশা, ডিজাইনসহ প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খুঁটিনাটি চেয়েছেন। ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা তার সার্টিফিকেটও চেয়েছেন কেউ কেউ। গতকাল কয়েকজন পোশাক শিল্প মালিক ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন। একজন কারখানা মালিক বলেন, তার ক্রেতা প্রতিষ্ঠানের ই-মেইল পেয়ে হতবাক হয়েছেন। গত ১২ বছর যাবত্ তিনি ওই ক্রেতার সাথে ব্যবসা করে আসছেন। তার কারখানার কর্মপরিবেশ নিয়ে ওই ক্রেতা আগেও সন্তুষ্টি প্রকাশ করেছে; কিন্তু এখন ওই ক্রেতা প্রতিষ্ঠান নিশ্চিত হতে চায় যে, কারখানার ভবনটি বিল্ডিং কোড মেনে করা হয়েছে। ক্রেতা প্রতিষ্ঠান এ সংক্রান্ত কাগজপত্র পাঠাতেও বলেছেন। আরেকটি কারখানার মালিক এ বিষয়ে বলেন, সংশ্লিষ্ট অথরিটি থেকে ইঞ্জনিয়ারিং-এর সনদ পাঠাতে বলেছে ক্রেতা প্রতিষ্ঠান। এতদিন ব্যবসা করলেও কোনো দিন আমরা এ ধরনের প্রশ্নের মুখে পড়িনি। তিনি বলেন, এ ধরনের কাগজপত্র তলব করলে অনেকের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। জানা গেছে, চীন, তুরস্ক, শ্রীলংকা, কম্বোডিয়া, ভিয়েতনামে পোশাকের উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় গত এক বছরে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের অফিস খুলেছে। ওয়ালমার্ট, জেসি পেনি, জারা, টেসকো, আইকেইএ, মার্কস অ্যান্ড স্পেন্সার, এইচ অ্যান্ড এম, জি-স্টার র, ইউনিকলো প্রভৃতি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অর্ডার বাড়িয়েছে। স্প্যানিশ সাপ্লাই চেইন ইন্ডিটেক্স গ্রুপ তাদের আটটি বিখ্যাত ব্রান্ডের জন্য বাংলাদেশে পোশাকের অর্ডার বাড়িয়েছে। এত কিছুর পরেও ক্রেতাদের পরিবর্তিত আচরণে অনেক কারখানা মালিক উদ্বেগ প্রকাশ করেছেন।