গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গুরুদুয়ারায় গুলিবর্ষণের ঘটনায় নিজের জীবন বাজি রেখে অনেককে বাঁচানো সেই পুলিশ অফিসারকে সম্মাননা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ওবামা বলেন, ব্রায়ান মারফি অনেকগুলো লোককে বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বছরের আগস্টে উইসকনসিনে শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারায় ওয়েদ মাইকেল পেজ নামের এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ অফিসার লেফটেন্যান্ট ব্রায়ান মারফি এসে ওই বন্দুকধারীকে একাই মোকাবেলা করেন। তার শরীরে ১২ টি বুলেট বিদ্ধ হলেও তিনি থেমে থাকেননি। ওই ঘটনায় ৬ জন নিহত এবং ৩ জন আহত হয়। বারাক ওবামা বলেন, ব্রায়ান মারফি না আসলে হয়তো আরো অনেকের মৃত্যু ঘটতে পারতো। আর এজন্যই তাকে সম্মাননা জানানো হলো।
