হরতালে রাজধানীতে যানবাহনে আগুন ভাংচুর

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪২
জামায়াতে ডাকা হরতালে গতকাল রবিবার রাজধানীতে বাস, পিক-আপ ভ্যান ও ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হরতাল চলাকালে রাজধানীতে অধিকাংশ দোকানপাট খোলা ছিল। কোন কোন এলাকায় জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। রাস্তায় যানবাহন চলাচল ছিল অন্যান্য হরতালের তুলনায় অপেক্ষাকৃত বেশি। তবে ঢাকা থেকে দূর পাল্লার রুটে কোনো বাস ছেড়ে যায়নি। কয়েকটি স্থানে হরতালের পক্ষে জঙ্গি মিছিল বের করা হয়। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের বিপক্ষেও খণ্ড খণ্ড মিছিল হয়। বেলা ১১টার দিকে হরতাল সমর্থকরা মিরপুর এক নম্বরে সনি সিনেমা হলের কাছে একটি সিএনজি স্টেশনের উল্টোপাশে রাস্তায় রাখা তানজিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গাড়ির চালক ও সহকারী বাসটি রাস্তায় দাঁড় করিয়ে মেরামত করছিলেন। এ সময় কয়েকজন যুবক হঠাত্ এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি। সকাল সাড়ে ৬টার দিকে মীর হাজিরবাগ মাদ্রাসার গলিতে একটি পিক-আপ ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। তাত্ক্ষণিকভাবে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন। এ সময় শিবির কর্মী সন্দেহে পুলিশ দুই জনকে আটক করে। মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের পাশ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেটি নিষ্ক্রিয় করে। ভোর ৬টার দিকে যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকায় ফলবোঝাই একটি ট্রাক ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেন শিবিরকর্মীরা। আগুন নেভানোর পর ট্রাকটি যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাকটি রাঙামাটি থেকে ফল নিয়ে আসছিল। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ভোর সাড়ে ৬টায় যাত্রাবাড়ির শনির আখড়া ব্রিজের ছাপড়া মসজিদের সামনে ঢাকা মহানগর শিবির হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।