পরিবেশ আইন অমান্য করে প্রকৃতি কন্যা জাফলং-জৈন্তাপুরে অবৈধভাবে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে শতাধিক স্টোন ক্রাশার মেশিন। এক সময়ের শান্ত নিরিবিলি পাহাড়-ঝর্ণা আর অরণ্যে ঘেরা শুভিত এলাকায় যেখানে মানুষ এসে দু’দণ্ড শান্তি পাবে- সেখানে দিনের পর দিন বিরক্তিকর টানা শব্দ, পাথরের ধূলিকণায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিদিন এখানে আসা হাজার হাজার পর্যটকও বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুরা কষ্ট পাচ্ছেন বেশি। পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন চালুর ফলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভুক্তভোগীরাই ভালো জানেন।
এ কারণে ক্রমাগত কম্পনে বাসতবাড়িতে ফাটল সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এ ব্যাপারে আসামপাড়া নিবাসী এনামুল হক বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর শাহজালাল উপশহর সিলেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুর বরাবরে পরিবেশ রক্ষার আবেদন করেছেন লিখিতভাবে।
জৈন্তাপুর উপজেলা আসামপাড়া নামক স্থানে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে এক শ্রেণীর প্রভাবশালী পাথর খেকো চক্র গত কয়েক মাস থেকে ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে তুলছে পাথর ক্রাশিং জোন। এই পাথর ক্রাশিং জোন গড়ে তোলার ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর থেকেও অনুমোদন নেয়া হয়নি। ।
এ ছাড়া মাত্রাতিরিক্ত শব্দ দূষণের ফলে আশপাশে বসবাসকারী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিগত কয়েক মাস থেকে একটি চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া এলাকায় প্রভাব খাটিয়ে জোরপূর্বক ক্রাশিং জোন তৈরি করছে। ক্রাশিং মেশিনের শব্দ দূষণ ও কম্পনের ফলে তাদের বাড়ি ঘরের দেওয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে তাদের সাথে কথা বললে তারা মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শন করে। যার কারণে কেউ মুখ খুলে কথা বলতে রাজী নয়।
তারা বলেন অপরিকল্পিতভাবে ক্রাশিং মেশিন জোন এই এলাকায় গড়ে উঠলে এলাকা বসবাস করার অনুপযোগী হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দারা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জৈন্তাপুর উপজেলার ২টি স্থানে পাথর ক্রাশিং জোন তৈরির অনুমোদন দেয়া হয় আলুবাগান ও সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে। এ দুটি স্থান ব্যতীত আর কোথায় কোন প্রকার পাথর জোন করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
কিন্তু প্রভাবশালীরা দলবদ্ধ হয়ে বর্তমানে আসামপাড়া এলাকায় পূর্ব অনুমতি না নিয়ে গড়ে তুলছে ব্যাঙের ছাতার মত অবৈধ ক্রাশিং জোন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, এলাকাবাসীর পক্ষে একটি লিখিত আবেদন করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর (বেলা) কর্তৃক একটি নোটিস পেয়েছেন তারা । আসামপাড়া এলাকায় যারা অবৈধভাবে ক্রাশিং জোন স্থাপন করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রয়োজনে প্রশাসন টাস্ক ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করবে।
