যেকোন মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এমন ২২টি গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছে সরকার। এছাড়া সারা দেশে ৭০০ গার্মেন্টস কারখানা ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। ফলে যেকোন সময় এ কারখানাগুলোতে সাভারের রানা প্লাজা ধস কিংবা তাজরীন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ র্দুঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্রুটিপূর্ণ কারখানাগুলোকে সতর্ক করে কারখানা মালিকসহ বিজিএমইএ, বিকেএমইএ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। কারখানাগুলোকে ত্রুটিমুক্ত করতে বিভিন্ন মেয়াদে সময় বেঁধে দেয়া হচ্ছে। এছাড়া মোবাইল কোর্ট জরিমানা করেছে ১৮টি কারখানাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ঝুঁকিপূর্ণ কারখানা অতিদ্রুত হয় অন্যত্র সরানো উচিত নইলে ঝুঁকির মাত্রা বিবেচনায় বন্ধ রাখতে হবে। অন্যথায় রানা প্লাজার মত পরিণতি বরণ করতে হতে পারে। একই সাথে তারা বলছেন, এসব কারখানাকে সংশোধন করার জন্য সময় বেঁধে দিয়ে তা করতে ব্যর্থ হলে সেখানে কাজ বন্ধ করে দিতে হবে। এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ২২টি কারখানা বন্ধ করা হয়েছে। এছাড়া ক্রটিপূর্ণ কারখানাগুলোকে সতর্ক করা হয়েছে। কোনভাবেই ক্রুটিপূর্ণ কারখানা চলতে দেয়া হবে না। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কারখানাগুলো মনিটরিং করা হচ্ছে। কোনো ঝুঁকিপূর্ণ পোশাক কারখানায় এই মুহূর্তে কাজ চলছে না। সূত্র জানিয়েছে, গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি’র ২৩ তম সভায় বন্ধ ও ক্রুটিপূর্ণ কারখানারগুলোর তালিকা তুলে ধরা হয়। বন্ধ করা কারখানাগুলোর মধ্যে ঢাকার ১৬টি ছাড়াও চট্টগ্রাম নারায়ণগঞ্জের মোট ৬টি কারখানা রয়েছে। এর আগে ঝুঁকিপূর্ণ আটটি গার্মেন্টস বন্ধ করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
সূত্র জানিয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শন টিম ২ হাজার ৪শ’ কারখানা পরিদর্শন করে ৭শ’ কারখানাকে ক্রুটিপূর্ণ হিসেবে চিহিত করেছে। একইসাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শন দল সরেজমিনে ৭৯৭টি কারখানা পরিদর্শন করে আরো ২৪৩টি কারখানা ঝুঁকিপূর্ণ বলে চিহিত করেছে। এ প্রসঙ্গে শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র গতকাল ইত্তেফাককে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোন কারখানাই চলতে দেয়া ঠিক নয়। বাসা বাড়ি আর মার্কেটের সাথে গার্মেন্টস চলতে পারে না। একই সাথে বাছবিচার না করে ঢালাওভাবে সব কারখানা বন্ধ করে দেয়ার মধ্যেও সমাধান নেই মন্তব্য করে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা সঠিক মানে উন্নীত করতে কারখানা মালিকদের সময় দিতে হবে। প্রয়োজনে অন্য জায়গায় কারখানা স্থানান্তর করা যেতে পারে। এদিকে শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শনে ৭০০ কারখানা ঝুঁকিপূর্ণ পাওয়া সম্পর্কিত কোন তথ্য নেই গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র কাছে। গতকাল বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, কোন কোন কারখানা পরিদর্শন করা হয়েছে সেটিও আমরা জানি না। তিনি জানান, বিজিএমইএ সকল কারখানার নিরাপত্তা ব্যবস্থা আলাদাভাবে পরিদর্শন শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ২০০ কারখানা পরিদর্শন করা হয়েছে। এসব কারখানার মধ্যে কী পরিমাণ কারখানা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এমন কোন তথ্য জানাতে রাজি হননি তিনি।
