সাভারের আশুলিয়ায় এক নারী পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার রাতে হা-মীম গ্রুপের পোশাক কারখানার ৪র্থ তলার টয়লেটের ভেতর থেকে ঐ কারখানার শ্রমিক পারুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল সকালে শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানায় এসে মরদেহ উদ্ধারের খবর জানতে পারে। এ অবস্থায় শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। তারা কারখানার বাইরে বের হয়ে আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ-সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ টিয়ার সেলে নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি অবনতির আশংকায় এ সময় আশপাশ এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ-১ এর পরিচালক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ দিকে হা-মীম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর লেঃ কর্নেল দেলোয়ার হোসেন (অবঃ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট দ্যাস্ট স্পোর্টস ওয়্যার লিং (ইউনিট-২) শ্রমিক পারুল। শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে ফ্যাক্টরির টয়লেটে ফ্যান ফ্রেমের সাথে ঝুলে আত্মহত্যা করে। টয়লেটের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই ফ্যাক্টরি কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। আত্মহত্যার পূর্বে সে তার এক সহকর্মীর নিকট ১৫শ’ টাকা ও একটি ছাতা দিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিতে বলে। পরবর্তীতে জানা যায়, একই ফ্লোরে অন্য এক শ্রমিকের সাথে তার ভালবাসার সর্ম্পক ছিল। ঘটনাটি বিশ্লেষণে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই।
