সিলেটের কোম্পানীগঞ্জে মসজিদের পুকুর থেকে ইমাম মাওলানা কুতুব উদ্দিনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার দক্ষিণ রনিখাইয়ের আইতরাকান্দি জামে মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাওলানা কুতুব উদ্দিন গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল হাওর গ্রামের বশির উদ্দিনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, মাওলানা কুতুব উদ্দিন আইতরাকান্দি জামে মসজিদে ৬ মাস ধরে ইমামতি করছিলেন। গতকাল ফজরের নামাজের সময় মুসল্লিরা তাকে মসজিদে পাননি। শুরু হয় খোঁজাখুঁজি। সকালে গ্রামের শিশুরা মসজিদে আরবী পড়তে এসে পুকুরে ইমামের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার আত্মীয়-স্বজনরা নিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
