গোপালগঞ্জে পাষন্ড স্বামী খুন করেছে স্ত্রী নূর জাহান বেগমকে (৩০)। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুকসুদপুর উপজেলার শ্রীনিবাসকাঠি গ্রামে। স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ স্বামী আবু বক্কার শেখকে গ্রেফতার করেছে। মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে স্বামী আবু বক্কার শেখ স্ত্রী নূর জাহান বেগমকে মারপিট করে। পরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে স্বামীর প্রহারে স্ত্রী মারা যায়। ঘাতক স্বামী আবু বক্কার স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচার করে। আজ রবিবার সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘাতক স্বামীকে গ্রেফতার করে। ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
