এক মামলায় জামিন পেলেন দুই ব্লগার

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪৪
ইন্টারনেটে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ ও ‘উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আদালত দুই ব্লগারকে জামিন দিয়েছে। তারা হলেন—ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভ। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল রবিবার শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২ জুন মামলার অভিযোগ আমলের নেয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। এ সময় ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। অপর ব্লগার মশিউর রহমান বিপ্লবের পক্ষে কোন জামিনের আবেদন করা হয়নি। ব্লগারদের জামিনের আবেদন শুনানি করেন অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন ও মাঈনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে গত ১৭ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, আসামিরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবীসহ (স.) অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করে আসছে বলে অভিযোগ প্রমাণিত হয়েছে ও এর মাধ্যমে আসামিরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারার অপরাধ করেছেন। চার ব্লগারের মধ্যে শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। আর বিপ্লব ও রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র ছিলেন। তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় তথ্য ও প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা করা হয়। এর মধ্যে আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটি ও অপর তিন ব্লগারের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।