হেফাজতে ইসলাম বলেছে, সম্প্রতি রাজশাহীতে নারী সমাবেশে শাহ আহমদ শফী ও ১৩ দফা নিয়ে বিষোদগার করা হয়েছে। সমাবেশ থেকে হেফাজত নেতাদের হুমকি দিয়ে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। অবিলম্বে এসব তত্পরতা বন্ধ করা না হলে হেফাজত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। গতকাল রবিবার হেফাজত ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী ও সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবীব এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা অভিযোগ করে বলেন, হেফাজত সম্পর্কে মন্ত্রীরা মিথ্যাচার করছেন। এসব মিথ্যাচার জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে।
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজত সম্পূূর্ণ অরাজনৈতিক সংগঠন। গত ৫ মে কোনো জ্বালাও, পোড়াওয়ের সাথে হেফাজত জড়িত ছিল না। সেদিন পল্টন মোড় থেকে দৈনিক বাংলা, জিরোপয়েন্টসহ গোটা এলাকা ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। এ অবস্থায় ভিতরে অবস্থান করে হেফাজত তো দূরের কথা, সরকার সমর্থক ছাড়া কারো পক্ষেই অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। -প্রেস বিজ্ঞপ্তি
