রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া সাহা বাড়ির শ্রী শ্রী সার্বজনীন সনাতন হরিসভা মন্দিরে গত শনিবার ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় মন্দিরের সিংহাসন ও রাধাগোবিন্দ বিগ্রহসহ টিনের দেয়াল পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অপূর্ব কুমার সাহা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যুগল প্রসাদ বণিক জানিয়েছেন।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ সাহা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা দেড় ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রূপা, ১টি ফ্যান ও পূজার সরঞ্জামাদি লুট করার পর পেট্রোল দিয়ে মন্দিরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আধ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বিশিষ্টজনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
