৪৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আপডেট : ১৩ মে ২০১৩, ১৯:৫৬
কয়েক মাস পর টানা চারদিন ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গতকাল সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে লেনদেন বাড়লেও তা তিনশ’ কোটি টাকার কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা। যা গত ৪৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রভাবে কোম্পানিগুলোর দামে বড় রকমের ঊর্ধ্বগতি দেখা গেছে। গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫ শতাংশের বেশি দাম বেড়েছে এমন ২৯টি কোম্পানির মধ্যে ২১টিরই আর্থিক প্রতিবেদন সমপ্রতি প্রকাশ করা হয়েছে। তাছাড়া আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ থাকতে পারে এমন সম্ভাবনাও বাজারে প্রভাব ফেলেছে। গতকাল শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল টেলিকমিউনিকেশন খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। আর সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৪০ লাখ ৪৩ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।