তুরস্কের বোমা হামলায় ৪৮ জনের মৃত্যুর ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে সিরিয়া সরকার। দেশটির তথ্যমন্ত্রী ওমরান আল জওবি রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন সিরিয়া কখনও এমন কাজ করবে না কারণ এ ধরনের কাজ সিরিয়ার মূল্যবোধের সাথে মিলে না। এদিকে সিরিয়া ইসরাইলকে হুঁশিয়ার করে বলেছে তারা চাইলে যেকোন সময় গোলান মালভূমিতে প্রবেশ করতে পারে কারণ ভূখণ্ডটি সিরিয়ার দামেস্কে বিমান হামলার এক সপ্তাহ পরে সিরিয়া ইসরাইলকে এই হুমকি দিলো। সিরিয়ার তথ্যমন্ত্রী বলেন, ইসরাইল দামেস্কে হামলা করে আন্তর্জাতিক আইন লংঘন করেছে। গোলান একটি আরব ভূখণ্ড, ইসরাইলি সেনারা সেখানে অবস্থান করলেও তা আরব ভূখণ্ড। সেখানে যাওয়া আসা করার অধিকার আমাদের আছে।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন বোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আঙ্কারা জানিয়েছে এ ঘটনায় তারা সিরিয়ার গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছে। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে বলেছেন তারা পঙ্কিলতায় নামবেন না। সিরিয়ার উস্কানির ব্যাপারে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা ফাঁদে পা দেবো না। এই হামলার লক্ষ্য তুরস্কের জনগণকে একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দেয়া, গোলযোগ সৃষ্টি করা। তাই আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। শনিবারের হামলায় এপর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে। ৫০ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন। যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই তুরস্কের নাগরিক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এক টিভি ভাষণে বলেছেন, গ্রেফতারকৃতরা একটি সংগঠনের সদস্য, যাদির আসাদ সরকারের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধে তুরস্ক আসাদ বিরোধীদের সমর্থন জানিয়ে আসছে।
