গুলি করে এক জেলে হত্যার ঘটনায় ক্ষমা চাওয়ার জন্য ফিলিপাইনি সরকারকে ৭২ ঘন্টা বেঁধে দিয়েছে তাইওয়ান। এ ঘটনায় বিরোধপূর্ণ ঐ এলাকায় টহল দিতে রবিবার চারটি জাহাজ পাঠিয়েছে দেশটি। উপকূলীয় রক্ষীবাহিনীর একটি জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, তাদের উস্কানির মোকাবিলা করতে আমরা প্রস্তুত এবং সম্ভাব্য হামলা ঠেকাতে আমাদের নাবিকেরা গুলি চালাতে তৈরি আছে। এছাড়া ফিলিপাইনে অবস্থানরত দেশটির রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে আনা এবং ফিলিপাইনের রাষ্ট্রদূতকে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে তাইওয়ানের প্রেসিডেন্ট অফিসের এক মুখপাত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার মাছ ধরার জেলের ওপর বাসি স্ট্রেইটে গুলি চালানো হয়। এতে ঐ ব্যক্তি নিহত হয়। মন্ত্রিপরিষদের এক মুখপাত্র চেং লি-ওয়েন বলেন, সরকার আমাদের জেলেদের সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তাইওয়ান এ ঘটনায় ম্যানিলাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এছাড়া ঐ পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে। আর দেশটির সরকার যদি ৭২ ঘন্টার ভেতর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে তাইওয়ানে কর্মরত তাদের নাগরিকদের ছাটাই করা হবে। প্রেসিডেন্ট অফিসের এক মুখপাত্র একথা জানায়। তবে এতে করে দুইদেশের সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলেও জানান তিনি। তাইয়োনে ৮৭ হাজার ফিলিপাইনি কাজ করে। এই জনশক্তি বছরে কোটি কোট ডলার দেশে পাঠায়। এদিকে শুক্রবার ফিলিপাইনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলেরা তাদের সীমানায় প্রবেশ করে মাছ ধরছিল। আর অবৈধভাবে মাছ ধরা বন্ধে কোস্টগার্ড তাদের দায়িত্ব পালন করেছে মাত্র। ফিলিপাইন এ ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শুরু করেছে।
