লাদাখে চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের তিক্ততা পেছনে ফেলে ভারত-চীন সীমান্ত বিরোধের স্থায়ী সমঝোতার লক্ষ্যে দিল্লি সফরে আসছেন চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বেইজিং-এ চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমপ্রতি বৈঠক করেন। চীনের প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে তারই সূত্র ধরে একটা বৃহত্তর সমঝোতার উদ্যোগ নেয়া হচ্ছে।—খবর ডয়চে ভেলে।
চীনের প্রধানমন্ত্রী লি তার প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নেয়ায় দুই প্রতিবেশি দেশের মধ্যে একটা সহযোগিতার আবহ গড়ে উঠবে বলে মনে করছেন উভয় দেশের বিশেষজ্ঞরা। তবে ১৫ই এপ্রিল লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের ঘটনায় সেই আশাবাদ ধূলিসাত্ হবার সম্ভাবনা দেখা দিয়েছিল। দেখা দিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী খুরশিদের বেইজিং সফর এবং চীনা প্রধানমন্ত্রীর দিল্লি সফর বাতিলের সম্ভাবনা। শেষ পর্যন্ত চীনের সেনারা তার পুরনো অবস্থানে সরে যাওয়ায় আপাতত উত্তেজনা প্রশমিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বেইজিং-এ চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে দেশটির তরফ থেকে ১৬ দফা সমাধান প্রস্তাব দেয়া হয়। বলা হয়, চীনের প্রধানমন্ত্রী লি’র ভারত সফরের আগে দিল্লি যেন ঐসব প্রস্তাব অনুমোদন করে। যার অন্যতম হলো, সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। ভারতের তরফেও একগুচ্ছ প্রস্তাব দেয়া হয়েছে। লি’র ভারত সফরে প্রত্যাশা পূরণ হবে কি না তা নির্ভর করবে কতগুলি চুক্তি সই হয় এবং কী কী বিষয়ে, বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বেশ জটিল, তাই এর অনুমোদন সময়সাপেক্ষ। তবে দেখা হবে ভবিষ্যতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য চলমান প্রক্রিয়াকে কীভাবে আরো সক্রিয় করে তোলা যায়। শুধু শুধু দোষারোপ পাল্টা দোষারোপ করে লাভ নেই। লি ২০ মে দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে।
