করোনা ভাইরাস
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সার্সের মত নতুন ধরনের করোনা ভাইরাস মানবদেহ থেকে মানবদেহে সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছে। তবে দীর্ঘদিনের সংশ্রবেই কেবল এ সংক্রমণ ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে এ ভাইরাসে মারা গেছে অন্তত ১৮ জন। রবিবার ফ্রান্সে আরেকজনের দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ফ্রান্সে করোনাভাইরাস আক্রান্ত অপর মানুষটির সঙ্গে একই হাসপাতাল কক্ষে থাকার পর দ্বিতীয় ব্যক্তির দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।—রয়টার্স
মহাত্মা গান্ধীর দ্রব্যাদির নিলাম
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ব্যবহার্য এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন্র দ্রব্যাদির সংগ্রহ নিলামে উঠতে যাচ্ছে। চলতি মাসের ২১ তারিখে বিভিন্ন ধরনের ৩শ’রও বেশি জিনিসপত্রের নিলাম অনুষ্ঠিত হবে। ব্রিটেনের নিলামকারী প্রতিষ্ঠান শর্পশায়ার জানিয়েছে, অন্যান্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথিপত্রের সঙ্গে গান্ধির স্মৃতিবিজড়িত ঐ দ্রব্যাদির নিলাম হবে। ১৯১৬ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ ইস্টার রাইজিংয়ের কালে স্বাধীন আয়ারল্যান্ডের ঘোষণাপত্রের একটি অনুলিপিও নিলামে উঠবে। ধারণা করা হচ্ছে, বর্তমানে এটিই ওই ঘোষণাপত্রের একমাত্র কপি। নিলামে গান্ধির একজোড়া স্যান্ডেলের মূল্য ১০ থেকে ১৫ হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। —বিবিসি
বুলগেরিয়ায় জিইআরবি এগিয়ে
বুলগেরিয়ার পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীল দল জিইআরবি বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। সোমবার প্রকাশিত আংশিক সরকারি ফলাফল থেকে একথা জানা গেছে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনের ৬৯ শতাংশ ভোটগণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী বয়কো বরিসভের নেতৃত্বাধীন জিইআরবি পেয়েছে ৩১ দশমিক ৩৮ শতাংশ ভোট এবং বিরোধী সোশ্যালিস্ট পেয়েছে ২৭ দশমিক ৩৪ শতাংশ ভোট।
— এএফপি
