অস্ট্রেলিয়ার অলিম্পিক পার্কে রাজার পরিবেশনা

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:০১
ভাওয়াইয়া গানে নিজেকে নিষ্ঠার সাথে চর্চা করে চলেছেন সফিউল আলম রাজা। সম্প্রতি এক বাউল উত্সবে যোগ দিতে ঘুরে এলেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাওয়াইয়া গানে দর্শকদের মাতিয়ে রাখেন এই শিল্পী। অনুষ্ঠানের প্রথমার্ধে রাজা ‘ওকি গাড়িয়াল ভাই’ গানটি ছাড়াও তার গুরু নুরুল ইসলাম জাহিদের লেখা ‘মনটায় মোর পিঠা খাবার চায়’, ‘অইদগে মাইনষের ফোসলামিতে’, মো. কছিমুদ্দিনের ‘বৈশাখ আইলোরে’, খ ম সম্রাটের ‘ও সোনা বন্ধুধন দিয়া গেইলোং নিমন্ত্রণ’সহ বেশ কয়েকটি ভাওয়াইয়া গান পরিবেশন করে শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করেন। বিভিন্ন ধরনের ও মেজাজের গান পরিবেশনায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় ও সাবলীল প্রকাশ বণিক। ভাষা আন্দোলনের ওপর রচিত গান ‘ও বাঙালি তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’ দিয়ে শুরু করে বাউল শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, এরপর ‘গাড়ি চলে না’ এবং শেষে চুমকির সাথে ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’-এ চারটি গান করে শ্রোতাদের বিমোহিত করেন। লালনের গান ছাড়াও বিভিন্ন গানে তার সমান বিচরণ। ‘নিধুয়া পাথারে’ গানটিসহ আরো কয়েকটি গান পরিবেশন করে শ্রোতাদের মন কেড়ে নেয়। দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে জনসমাগম বিলম্বিত হয়। তবে বিকেল থেকেই নামে মানুষের ঢল।