দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় টাউট শ্রেণির লোক জাল দলিল বানিয়ে নয়তো মাস্তানি দেখিয়ে অন্যের জায়গা দখল নেওয়ার জন্য মামলা ঠুকে দিচ্ছে আদালতে। এতে করে জমির প্রকৃত মালিক অযথা হয়রানির শিকার হচ্ছেন। এদিকে তাকে প্রতি মাসে উকিল, মহুরি, পেশকারের পেছনে টাকা ব্যয় করতে হচ্ছে। এ ধরনের মামলা কয়েক বছরেও শেষ হয় না। যুগ পেরিয়ে যায় তারপরেও চলে মামলা। ফয়সালা হয় না। কখনো বা বিচারক এজন্য বিব্রতবোধও করেন। এও শুনেছি, কেউবা আক্ষেপ করে বলেন, বরিশাল অঞ্চলের লোকজন কি মামলা করাটাই বেশি পছন্দ করেন! একজন আরেকজনের পিছনে কি লেগেই থাকে? এটা দুঃখজনক। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো, জমিজমা সম্পত্তি সংক্রান্ত যে মামলাগুলো ৫ বছরের মধ্যে ফয়সালা হয়নি তা বিলুপ্ত করা হোক। প্রয়োজনে ঐ মামলার মামলাবাজকে পুনরায় সঠিক কাগজপত্র পেশ করে মামলা করার সুযোগ দেওয়া যেতে পারে। ৩ মাসের মধ্যে এর ফয়সালার উদ্যোগ নেওয়া প্রয়োজন। যদি আদালতে প্রমাণিত হয়, যিনি মামলা করেছেন তার কাগজপত্র, দলিল ভুয়া তাহলে তাকে ৫ বছরের জন্য জেল দেওয়ার ব্যবস্থা করা হোক। তবেই টাউট, প্রতারক তথাকথিত মামলাবাজদের হাত থেকে সাধারণ মানুষ রেহাই পাবেন। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা রাখি।
লিয়াকত হোসেন খোকন,
বাসা ৭, সড়ক ২৭, রূপনগর আবাসিক এলাকা, ঢাকা
