বজ্রপাতে সাত জনের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:০০
রাজশাহী, দিনাজপুর, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নাটোরে শনিবার রাতে ও গত রবিবার বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। অনেক জায়গায় মারা গেছে গবাদি পশু। আমাদের প্রতিনিধি, অফিস ও সংবাদদাতাদের পাঠানো খবর। রাজশাহী অফিস: শনিবার সন্ধ্যায় বাঘায় কাল বৈশাখী ঝড় শুরু হলে আলাইপুরের শাহজাহান আলীর স্ত্রী ফাজিলা বেগম (৩৫) বাগানে আম কুড়াতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশের রামসাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলেকা বেগম (৩০) গুরুতর আহত হন। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ব্যাংগাড়ি গ্রামে গোয়াল ঘরে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। এসময় রানুআরা বেগম (৪০) নামের এক নারী আহত হন। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিনাজপুর:রবিবার বজ্রপাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভোটগাছ মধ্যপাড়া গ্রামে মহুয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছে। তার স্বামীর নাম মোজাম। কমলগঞ্জ (মৌলভীবাজার): বজ্রপাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা বাগানের শ্রমিক বাবুলের ছেলে সুনিল (১৩) ও সুজার ছেলে গনেশ (১৫) নিহত হয়েছে। লালপুর (নাটোর): শনিবার রাতে লালপুর উপজেলার গোপালপুর মহল্লায় বজ্রপাতে শিপ্তি রানী ভদ্র (৩৮) নামে এক গৃহবধূ নিহত ও সীমা রানী কুন্ডু (১২) নামে একজন আহত হয়েছে। নিহত শিপ্তি ওই মহল্লার অরুণ ভদ্রের স্ত্রী এবং সিমা পাশের বাড়ির মৃত মহাদেব কুন্ডুর মেয়ে। হোসেনপুর (কিশোরগঞ্জ): হোসেনপুর উপজেলা সদরের উত্তর আড়াই বাড়ীয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে প্রবাসী জাহাঙ্গীর আলম (২২) গতকাল সকালে বজ্রপাতে নিহত হয়েছে। মৌলভীবাজার:রবিবার দুপুরের দিকে কালবৈশাখী ঝড়ে জেলার বড়লেখা উপজেলার চিকা মহল এলাকায় গাছের ডাল ভেঙ্গে পড়লে ফয়সল নামে এক যুবক নিহত হয়।