রাজশাহীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:০০
রাজশাহীতে স্বামী ইমরান হোসেন সালেককে হত্যার দায়ে স্ত্রী শিমু খাতুনকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন দ্বিতীয় আদালতের বিচারক এনামুল বারী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে আসামি শিমুকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে নগরীর তেরখাদিয়া উত্তরপাড়ার ভাড়া বাড়িতে স্ত্রী শিমু খাতুন হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত স্বামী ইমরান হোসেন সালেকের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর ২৩ এপ্রিল তার মৃত্যু হয়।