রিট খারিজ :ঢাকা সিটি নির্বাচনে আর বাধা নেই

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৪৮
ডিসিসি নির্বাচনের বিরুদ্ধে দায়েরকৃত রিট খারিজ হয়ে যাওয়ায় এবার ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের হস্তক্ষেপে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের বিরুদ্ধে দায়েরকৃত রিট শুনানিতে আসার পর হাইকোর্ট এ সংক্রান্ত রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে গতকাল। এর ফলে নতুন করে ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে আইনগত কোন বাধা নেই। হাইকোর্টে রিট খারিজ হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে কমিশন। আসন্ন রমজানের আগেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগে ঢাকার বাইরের চার সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় সম্প্রতি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ বলেন, আদালতের রায়ের কপি হাতে পাবার পরে এ বিষয় নিয়ে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত হবে। বহুদিন ধরে ডিসিসি নির্বাচনের বিষয়টি অপেক্ষায় ছিল। এখন সুযোগ এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সম্পন্ন হবে। তিনি আরো বলেন, ডিসিসি নির্বাচনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। যারা আগের তফসিল অনুযায়ী প্রার্থী হয়েছিলেন তাদের ব্যাপারে কমিশন আগামী বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়াও ডিসিসি নির্বাচনের ব্যাপারে ১৮০ দিনের আইনী বাধ্যবাধকতা নেই। কেননা, অনেক আগেই তা পার হয়ে গেছে। ইসি সচিবালয় জানায়, দুই ডিসিসি নির্বাচন স্থগিত চেয়ে করা রিটটি খারিজ হওয়ার পরপরই কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে দ্রুত ভোটার তালিকার সিডি প্রস্তুত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। দুই সিটির ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা এ সপ্তাহেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন এই ভোটারের সিডি হাতে পাওয়ার পরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। হালনাগাদসহ ঢাকার দুই সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪১ হাজার ৯৭৯ জন। ঢাকার উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার ২২ লাখ ৭২ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৪ হাজার ৬ জন, নারি ভোটার ১০ লাখ ৭৮ হাজার ৯১৮ জন। আর দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬০ হাজার ৮৪৪ জন ও নারি ভোটার ৮ লাখ ৮ হাজার ২১১ জন। গত বছর ঘোষিত তফসিলের সময় ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ছিল ৩৮ লাখ ৫২ হাজার ৯২৬ জন। এর মধ্যে উত্তরের ভোটার ২১ লাখ ৭২ হাজার ৪২৭ এবং দক্ষিণে ১৬ লাখ ৮০ হাজার ৪৯৯ জন। হাইকোর্টের রায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের কার্যক্রম প্রশ্নে গতকাল সোমবার রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে নির্বাচনের ওপর স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। আদালতে রিটের পক্ষে মনজিল মোরসেদ ও নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক শুনানি করেন। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নূরে আলম উজ্জ্বল। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত রুল খারিজ করে রায় দিয়েছেন। নির্বাচনের আইনি বিধান অনুসরণ করে এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আয়োজন করার কেন নির্দেশ দেয়া হবে না-এ বিষয়ে রুল জারি করা হয়েছিল। ইতিমধ্যে ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কোন কোন ওয়ার্ড হবে, এ বিষয়েও জবাব দাখিল করেছে নির্বাচন কমিশন। আমরা যে উদ্দেশে রিটটি করেছি, তা পূরণ হয়েছে। নির্বাচন কমিশন গত বছরের ৯ এপ্রিল তফসিল ঘোষণা করেছিল। পরের মাসে ২৪ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তফসিল ঘোষণার এক সপ্তাহ পর নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে ‘হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ’ ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণ যথাযথভাবে না হওয়ার অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করে।