জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠনে তিন সংগঠনের উদ্যোগ

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৪৮
দেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠন করবে সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটি। এজন্য তারা ১৪ দলের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে বিনিময় সভায় বক্তারা এর আগে জেলা প্রশাসকদের নিয়ে সরকারের সন্ত্রাসবিরোধী কমিটির সমালোচনা করে বলেন, প্রশাসন দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড সফল হয় না। এটা অনেকটা শান্তি কমিটির মত। কিছু সময়ের জন্য শান্তি বিরাজ করতে পারে। গতকাল সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে এসব সংগঠনের মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠন নিয়ে শাহরিয়ার কবির ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর প্রস্তাবের জবাবে ১৪ দলের নেতারা এ বিষয়ে সমর্থন জানিয়ে বলেছেন, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ রায়, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি একে খন্দকার, কেএম শফিউল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ। সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, গত ৫ তারিখে বাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে হেফাজতে ইসলাম ও বিএনপি-জামায়াত কী চায়। তারা চায় বাংলাদেশকে পাকিস্তানের মত অকার্যকর জঙ্গি রাষ্ট্র বানাতে। ওই দিন খালেদা জিয়ার আল্টিমেটাম ও হেফাজতের অবস্থানের মাধ্যমে খালেদা জিয়া অশুভ শক্তিকে আহ্বান জানিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কারণে এ দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। ৫ তারিখে আসলে তারা মুক্তিযুদ্ধের শক্তির নিকট পরাজিত হয়েছে। তাই ওই দিন ভোর রাতের অভিযানে দেশবাসী অকুণ্ঠ সমর্থন দিয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের ঐক্য হয়েছিল আদর্শে, একাত্তরের রণাঙ্গনে। এখন সমন্বয়ের দরকার। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার। এ লড়াইয়ে আমাদের জিততে হবে। মোহাম্মদ নাসিম বলেন, ঝুঁকি ছাড়া কোন লড়াইয়ে বিজয় সম্ভব না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কোন বিকল্প নেই। চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। রাশেদ খান মেনন বলেন, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার পর বিএনপি-জামায়াত উত্সাহ পেয়েছে। ইতিমধ্যে হেফাজতের আমীর আল্লামা শফীর সঙ্গে ১৮ দলের খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোট দেখা করে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে। এ কে খন্দকার বলেন, হেফাজত ও জামায়াত-শিবির এক। তাদের কোন তফাত্ নেই। এদের সংখ্যাও প্রচুর। তারা মারমুখী। তবে দেশের জনগণ তাদের এগিয়ে যেতে দেবে না। মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেয়া হয়। তাদের আধুনিক শিক্ষা দেয়া হয় না। এ কারণে তাদের সহজে বিপথে পরিচালনা করা যায়। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, গত বছরে সংবিধান সংশোধনসহ মৌলবাদকে সরকার অনেক ছাড় দিয়েছে। তবে হেফাজত হঠাতে সরকার কঠোর অবস্থান নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে সরকার দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, সংখ্যালঘুদের নির্যাতনে দায় সরকার এড়াতে পারে না। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের জোর দাবি জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্ব যে তদন্ত হয়েছিল তা প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের টাকায় উগ্র মৌলবাদীরা যে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তা তদন্তে কমিশন গঠনের দাবি জানান তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, বিএনপি-জামায়াতের তান্ডবের প্রেক্ষাপটে সারাদেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ কমিটি গঠন জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে তিনি ডিসিদের দিয়ে সরকারের সন্ত্রাস প্রতিরোধ কমিটির সমালোচনা করে বলেন, প্রশাসন দিয়ে রাজনৈতিক কর্মসূচি সফল হয় না।