বিসিএস শিক্ষা ক্যাডারে ১৬৩২ শিক্ষকের পদোন্নতি

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৪৮
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ১ হাজার ৬৩২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। বর্তমান সরকারের আমলে একসঙ্গে এত সংখ্যক পদোন্নতি এটি বড় ঘটনা। গতকাল পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অধ্যাপক পদে ১৫৫ জন, সহযোগী অধ্যাপক পদে ৩৭৯ এবং সহকারী অধ্যাপক পদে ১ হাজার ৯৮ জন। এসব কর্মকর্তাদেরকে আগামী ১৫ মে’র মধ্যে স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। এ সম্পর্কিত আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) প্রকাশ করা হয়েছে। তবে পদোন্নতি নিয়ে অনেক শিক্ষকের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা অভিযোগ করেছেন প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করা সত্ত্বেও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি থেকে প্রভাব খাটিয়ে কিছু শিক্ষক পদোন্নতি নিয়েছেন। অন্যদিকে প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরও অনেককে পদোন্নতি দেয়া হয়নি। একসঙ্গে দেড় হাজারের বেশি শিক্ষকের পদোন্নতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রতিবেদককে বলেন, একসঙ্গে অনেক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। এটা ইতিবাচক বিষয়। তিনি জানান, পদ শূন্য না থাকায় দীর্ঘদিন চাকরি করার পরও অনেক শিক্ষককে পদোন্নতি দেয়া যায়নি। তবে এসব শিক্ষকদের পদোন্নতির বিষয়টি আমরা ভাবছি। একটি বিকল্প উপায় খুঁজে নিয়ে এদের পদোন্নতির বিষয়ে কি প্রক্রিয়া গ্রহণ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। তিনি বলেন, কারো হতাশ হবার কারণ নেই।