বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গত সোমবারের পূর্ব নির্ধারিত সমাবেশ হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে এই সমাবেশ আগামীকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে। মূলত পুলিশের অনুমতি না পাওয়া এবং ঘূর্ণিঝড় ‘মহাসেন’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশংকায় এই সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষ থেকে তিনি আগামীকালের সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন।
দুদু বলেন, আমরা সমাবেশ করার জন্য গত শুক্রবার সরকারের কাছে আবেদন করেছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি। তিনি বলেন, সরকার এবং তাদের মন্ত্রীরা আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের যে কথা বলছেন তা মিথ্যা ও লুকোচুরি। বিরোধী দলকে সভা সমাবেশ করতে না দেয়া তার প্রমাণ। তিনি আরো বলেন, যেই মুহূর্তে জাতিসংঘের প্রতিনিধি দল একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলের সাথে আলোচনা করছে, ঠিক তখন সরকার বিরোধী দলকে সমাবেশের অনুমতি না দিয়ে অসহিষ্ণু আচরণ করছে। সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয়।
এছাড়াও কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মিথ্যা মামলা দিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে বলে তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন। দুদু বলেন, আল্লাহ ও রাসূল (সা.) বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে আটক দুই ব্লগারকে জামিন দেয়া হয়েছে। এর ফলে বিরূপ প্রতিক্রিয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
