ছাত্রলীগ ধর্মঘট ডাকায় শাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫০
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা পরবর্তী চলমান সহিংসতা ও একটি অংশের ধর্মঘটের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ‘ইত্তেফাক’কে জানান, গ্রীষ্মের আগাম ছুটি বাড়িয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্রীষ্মের ছুটি শেষে নির্ধারিত সময়ে আবার সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত ৮ মে ছাত্রলীগের নতুন কমিটি পরবর্তী সহিংসতায় শাবি ছাত্রলীগের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী সুমন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি রঞ্জিত দেব ও সাধারণ সম্পাদক ইমরান খানসহ ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করলে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এদিকে ধর্মঘটের সমর্থনে পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছে। দুপুর ১টার দিকে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে লাইব্রেরী ভবনের সামনে এসে শেষ হয়।