রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মহাজোট মেয়র প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটনকে পূর্ণ সমর্থন দিচ্ছে। প্রার্থিতা নিয়ে নেই দ্বন্দ্ব-কোন্দল। এ ক্ষেত্রে বিরাট ঝামেলায় আছে বিএনপি। প্রার্থী চূড়ান্ত করতে পারছে না। সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মেয়র প্রার্থী হিসেবে পছন্দের তালিকায় নেই আগেই জানিয়ে দিয়েছিল বিএনপির হাইকমান্ড। এ সুযোগে মনোনয়নপত্র দাখিল করেন মিনুর ঘনিষ্ঠ দুই নেতা। আবার স্থানীয় বিএনপিকেই প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। তাই প্রার্থী চূড়ান্ত করা নিয়ে এখন ব্যাপক বিপাকে স্থানীয় বিএনপি। মনোনয়নপত্র দাখিলকারী রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল হক মিলনের মতবিরোধ তুঙ্গে উঠেছে। কেউ কাউকে ছাড় দিতে রাজী নয়। গত রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তারা কেউই সরে দাঁড়াতে রাজি হননি। ফলে দিনভর নানা নাটকীয়তা শেষে উভয়ের পক্ষে দলীয় নেতারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী চূড়ান্ত করা নিয়ে এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মিজানুর রহমান মিনু মোসাদ্দেক হোসেন বুলবুল ও সফিকুল হক মিলনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। কিন্তু উভয়ে অনড় থাকায় পরে বিষয়টি থানা ও ওয়ার্ড কমিটির ওপর ছেড়ে দেয়া হয়। এছাড়া প্রয়োজনে আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের আগেই দলীয় প্রার্থিতা নির্ধারণে ‘সম্মিলিত নাগরিক ফোরাম’ গঠনের সিদ্ধান্ত হয়। ফোরামে বিএনপিপন্থি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ বিশিষ্টজনরা থাকবেন বলে বিএনপি নেতারা জানান। সূত্র জানায়, দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক চলাকালে বাইরে নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুকে প্রার্থী করতে শ্লোগান দেয়। পরে দু’জনকেই মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়।
সূত্র জানায়, তফসিল ঘোষণার পরই রাসিকের মেয়র প্রার্থিতা নিয়ে সংকট দেখা দেয়। মতবিরোধ এড়াতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর প্রসঙ্গ সামনে চলে আসে। কিন্তু দলীয় হাইকমান্ডের পরামর্শে কৌশলের আশ্রয় নেন তিনি। এরপর মহানগর বিএনপির সভার সিদ্ধান্ত অনুযায়ী বুলবুল ও মিলনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়। তাদের পক্ষে প্রস্তাবক ও সমর্থকদের প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেন। এনিয়ে মিজানুর রহমান মিনুর দো’টানায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, একক প্রার্থী নির্ধারণে সিদ্ধান্তহীনতা তৃণমূল নেতাকর্মীদের মনোবলে প্রভাব পড়েছে। প্রথম থেকেই একক প্রার্থী থাকলে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা থাকতো।
তবে মোসাদ্দেক হোসেন বুলবুল সাংবাদিকদের বলেন, ‘দল ও নাগরিক ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী দু’জনই মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছি। সম্মিলিত নাগরিক ফোরাম যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেবো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই একজনের প্রার্থিতা প্রত্যাহার করে নেবো।’ অন্যদিকে সফিকুল হক মিলন বলেন, মেয়র প্রার্থিতা নিয়ে তাদের দু’জনের মধ্যে কোনো মতবিরোধ নেই। রাজশাহীবাসী বিএনপির প্রার্থীকেই নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতা বুলবুল ও মিলন। শিগগিরই সম্মিলিত নাগরিক ফোরাম সংবাদ সম্মেলন করে একক মেয়র প্রার্থী ঘোষণা করবে। তবে এ বিষয়ে মিজানুর রহমান মিনু সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
