শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষা এবং নিরাপত্তা বিধানের লক্ষ্যে দেশে বিদ্যমান শ্রম আইনে সংশোধনী আসছে। গতকাল সোমবার মন্ত্রিসভা ‘বাংলাদেশ শ্রম সংশোধন আইন ২০১৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসেন ভুঁইয়া সাংবাদিক-দের বলেন, বিদ্যমান শ্রম আইনকে সময়োপযোগী করার লক্ষ্যে এ সংশোধনী আনা হয়েছে। বর্তমান শ্রম আইনটি ২০০৬ সালে প্রণয়ন করা হয়। কিন্তু ইতোমধ্যে বিষয়বস্তুতে ব্যাপক পরিবর্তন আসায় আইনটির ব্যাপক সংশোধনী প্রয়োজন হয়ে পড়ে। তিনি বলেন, গত ২২ এপ্রিল খসড়া আইনটি মন্ত্রিসভায় পেশ করা হলে কয়েকটি পর্যবেক্ষণসহ তা নীতিগতভাবে অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনে কোম্পানীর ব্যবস্থাপনা উন্নয়ন এবং শ্রমিকদের বঞ্চনার হাত থেকে রক্ষায় আউটসোর্সিং কোম্পানীগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ন্যূনতম একশ’ শ্রমিক রয়েছে এমন কোম্পানীর জন্য শ্রমিকদের গ্রুপ ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো শ্রমিকের মৃত্যু হলে নিয়োগকর্তা সংশ্লিষ্ট ইনস্যুরেন্স কোম্পানীর কাছ থেকে বীমার অর্থ আদায় এবং তা সরাসরি ওই শ্রমিকদের পোষ্যদের কাছে হস্তান্তর করবেন। তিনি বলেন, নতুন আইন অনুযায়ী ন্যূনতম ১২ বছর চাকরি করেছেন এমন শ্রমিক চাকরি থেকে অবসর গ্রহণ বা ইস্তাফা দিলে চাকরিকালীন প্রতিবছরের জন্য এক মাস করে গ্রাচ্যুইটি পাবেন। কিন্ত ১২ বছরের অধিক চাকরি করেছেন এমন শ্রমিকরা অবসর বা চাকরি থেকে ইস্তফা দেয়ার সময় চাকরিকালীন প্রতি বছরের জন্য দেড় মাস করে গ্রাচ্যুইটি পাবেন। এই আইনে কাঠামোগত নকশা এবং ফ্যাক্টরির লে-আউটের মধ্যে সামঞ্জস্য রক্ষা এবং রফতানিমুখী গার্মেন্টস শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে স্বাস্থ্যসেবা, ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বেতন প্রদান, এনজিও ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে আদান-প্রদান ও সিবিএ’র মাধ্যমে বিশেষজ্ঞের সহায়তা লাভের সুযোগ এবং বিভিন্ন কমিটিতে অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া মন্ত্রিসভা ‘বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ আইন-২০১৩’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। এই আইন ১৯৭৮ সালের অধ্যাদেশের স্থলাভিষিক্ত হবে। দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করায় ১৯৭৮ সালের অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে পড়েছে।
