তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল সোমবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম নূর-উন-নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার বিষয়টি তিনি শুনেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়ার লিপন ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে রবিবার রাতে ছাত্রদল নেতাকর্মীরা অশোক নামের ছাত্রলীগের এক কর্মীকে এবং ছাত্রলীগ নেতাকর্মীরা মাহফুজ নামের ছাত্রদলের এক কর্মীকে মারপিট করে। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র নাজমুল ইসলাম ইমন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আদিল, গণিত বিভাগের সাওন, রুশো ও সাজুসহ ৮ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইমন ও আদিলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল বিশ্ববিদ্যালয় কর্মী মুহিত, মোকলেছ ও কারমাইকেল কলেজ শাখার হাকিম এবং ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মোহাম্মদ আলী রাজকে আটক করেছে। এদিকে দীর্ঘ ২৪ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ মঙ্গলবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৩তম সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী মঞ্চ ও ভিসির পক্ষের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
